ফোনে আড়ি পেতেই প্যারিস হামলার হোতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদেলহামিদ আবাউদ
আবদেলহামিদ আবাউদ

প্যারিস হামলার কথিত হোতা আবদেলহামিদ আবাউদের সহযোগী তাঁর জ্ঞাতি বোন হাসনা আইতবুলাসেনের ফোনে আড়ি পাতার মাধ্যমেই তাঁকে হত্যা করা সম্ভব হয়। ফ্রান্সের পুলিশ এ কথা বলেছে। খবর রয়টার্সের।
প্রথমে মরক্কোর পুলিশ ফরাসি পুলিশকে জানায়, প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী মরক্কোর বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক আবাউদ ফ্রান্সেই রয়েছেন। এরপর ফরাসি পুলিশ আবাউদের সহযোগী হিসেবে পরিচিত এক নারীর গতিবিধির প্রতি মনোযোগী হয়। ওই নারীই হাসনা আইতবুলাসেন। তিনি আগে থেকেই এক মাদক-বিষয়ক তদন্তে পুলিশের অনুসরণের তালিকায় ছিলেন। এরপর তাঁর ফোনে আড়িও পাতে পুলিশ।
ফোনে আড়ি পাতার ভিত্তিতে পুলিশ জানতে পারে, প্যারিসের উত্তরের শহরতলি সাঁ দোনিতে রয়েছেন হাসনা। সেখানে গত মঙ্গলবার সন্ধ্যায় ভাই আবাউদকে নিয়ে হাসনাকে একটি ফ্ল্যাটে ঢুকতে দেখে পুলিশ। পরদিন ভোরে সেখানে অভিযান শুরু করে বিশেষ বাহিনী। চলে সাত ঘণ্টা ধরে অভিযান। পুলিশের ধারণা, একপর্যায়ে হাসনা শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান।
এর আগে পুলিশের সূত্র জানায়, প্যারিসে একটি স্থানে হত্যাযজ্ঞ চলার সময় কাছাকাছি এক মেট্রো স্টেশনে ছিলেন আবাউদ। সেখানকার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাঁকে শনাক্ত করে পুলিশ। পুলিশ সূত্র বলে, গত শুক্রবারের হামলায় ব্যবহৃত একটি গাড়ি যেখানে পাওয়া গেছে, সেখান থেকে খুব দূরে নয় ওই স্টেশন।
২০১৩ সালে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেন আবদেলহামিদ আবাউদ। ধারণা করা হয়, ফ্রান্স ও বেলজিয়াম থেকে অভিবাসী পরিবারের তরুণদের আইএসে ভেড়াতে কাজ করতেন তিনি। এই হত্যাযজ্ঞ ঘটার আগ পর্যন্ত ফরাসি কর্তৃপক্ষের ধারণা ছিল তিনি সিরিয়াতেই রয়েছেন।