ফ্রান্স সফর বাতিল করলেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া নিয়ে বিরোধের পরিপ্রেক্ষিতে ফ্রান্সে পরিকল্পিত সফর বাতিল করেছেন। আরও কয়েক দিন পর তাঁর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে সাক্ষাৎ এবং একটি নতুন অর্থোডক্স গির্জা উদ্বোধন করার কথা ছিল।
সিরিয়া নিয়েই মূলত আলোচনা হবে—ফরাসি সরকার এ কথা বলার পর ওই সফর বাতিল করা হয় বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর সূত্র।
গত সোমবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছিলেন, সিরিয়ার আলেপ্পো শহরের ওপর বোমাবর্ষণের জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে পারে।
ফরাসি প্রেসিডেন্টের দপ্তর রুশ কর্তৃপক্ষকে বলে দিয়েছিল, ওলাঁদ পুতিনের ১৯ অক্টোবরের নির্ধারিত সফরে একটিমাত্র অনুষ্ঠানে যোগ দেবেন, আর তা হবে সিরিয়া নিয়ে একটি কর্মবৈঠক। তবে এরপর রাশিয়া জানিয়ে দেয়, তারা সফরটি বাতিল করতে চায়।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একজন মুখপাত্র সফর বাতিলের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের জন্য স্বস্তিকর হয় এমন সময়ে তা অনুষ্ঠিত হবে।
তবে এ মতানৈক্য সত্ত্বেও ওলাঁদ বলেছেন, তিনি পুতিনের সঙ্গে ‘যেকোনো সময়’ বসতে প্রস্তুত, যদি তা ‘শান্তিকে এগিয়ে নেয়’।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিরিয়ায় যুদ্ধাপরাধের বিচারের কাজ হতে পারে, ফ্রান্সের প্রেসিডেন্ট তাঁর দেশের একটি টিভি চ্যানেলে এ কথা বলার পরদিন সফর বাতিলের ঘটনা ঘটল।
ওলাঁদ ওই চ্যানেলে বলেন, (সিরিয়ার) এই মানুষেরা এখন যুদ্ধাপরাধের শিকার। যারা এই সব কার্যকলাপ চালাচ্ছে, তাদের এর দায় নিয়ে আইসিসির (আন্তর্জাতিক অপরাধ আদালত) কাঠগড়ায় দাঁড়াতে হবে।
রাশিয়া ও সিরিয়া দুই দেশের কেউই অবশ্য আইসিসির সদস্য নয়।
সিরিয়ায় অভিযান শুরু করার পর থেকে রাশিয়া বারবারই বেসামরিক লোকজনকে লক্ষ্য যে করে হামলার অভিযোগ, তা অস্বীকার করেছে। দেশটি বলছে, তারা সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেই কেবল হামলার লক্ষ্যবস্তু করে থাকে।
সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী অধিকৃত পূর্ব অংশে রাশিয়া ও সরকারি বাহিনীর বিমান হামলায় সম্প্রতি হাসপাতালসহ বেসামরিক স্থাপনায় বহু হতাহত হয়েছে। তবে উভয় পক্ষই এ কাজ তাদের নয় বলে দাবি করেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র রাশিয়া সে দেশে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। তবে পাশ্চাত্যের অভিযোগ, জঙ্গি দমনের চেয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ধ্বংস করে বাশারের হাত শক্তিশালী করাই রাশিয়ার আসল লক্ষ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আইএসসহ জঙ্গিদের বিরুদ্ধে হামলা করছে। যুক্তরাষ্ট্র বাশারের বিরোধী কিছু বিদ্রোহী সংগঠনকেও সহায়তা করে থাকে।