ফ্রান্সে অভিবাসী শিবিরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় অস্থায়ী ঝুপড়িতে থাকা অভিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সোমবার রাতে কর্তৃপক্ষ ‘জঙ্গল’ নামে পরিচিত অস্থায়ী ঝুপড়িগুলোর একাংশ অপসারণ করতে গেলে এই সংঘর্ষ বাধে। এরপর গতকাল মঙ্গলবারও আরেক দফা অভিযান চালানো হয়।
কয়েক হাজার অভিবাসী ইংলিশ চ্যানেলের ওপারে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টায় ক্যালেতে তাঁবু খাটিয়ে অবস্থান করছে। সর্বশেষ খবর অনুযায়ী, তাদের শ খানেক ঘর ভেঙে ফেলা হয়েছে। অন্তত ১২টি তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রথম দফা অভিযানের পর কয়েক ঘণ্টার জন্য সরে যায়। পরে সেখানে আবার অভিযান চালানো হয়। সংঘর্ষের কারণে অনেক শরণার্থী বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে।
ফরাসি কর্তৃপক্ষ বলেছে, বন্দরের দক্ষিণ দিকে অবস্থিত ঝুপড়ি ঘরগুলোর বাসিন্দাদের সেখান থেকে সরে উত্তর দিকে জাহাজের কনটেইনার দিয়ে বানানো আশ্রয়শিবিরে চলে যেতে বলা হয়। তবে অভিবাসীরা তা শোনেনি। তারা মনে করছে, এমনটা করলে তাদের যুক্তরাজ্যে যাওয়ার আশা ফুরিয়ে যাবে এবং ফ্রান্সেই তাদের আশ্রয় চাইতে হবে। এই অভিবাসীদের বেশির ভাগই ইরাক, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, পুলিশ সোমবার রাতে উচ্ছেদ অভিযান শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিবাসীরা উচ্ছেদ অভিযান দলের ওপর পাথর ছুড়তে শুরু করে। পুলিশ তখন কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনাস্থল থেকে কমপক্ষে চারজনকে আটক করা হয়। কর্তৃপক্ষ বলছে, অভিবাসীদের সরিয়ে দিতে প্রয়োজনে এর চেয়ে বেশি শক্তি প্রয়োগ করা হবে।
কর্তৃপক্ষ বলেছে, এই উচ্ছেদ অভিযানে হাজার খানেক অভিবাসী ক্ষতিগ্রস্ত হবে। তবে সাহায্য সংস্থাগুলো বলেছে, উচ্ছেদের আওতাধীন অংশে বসবাস করা লোকের সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
শরণার্থীদের সঙ্গে এমন আচরণের বিষয়ে সতর্ক করে দিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান লেনার্দ ডয়েল। তিনি বলেছেন, জাতিসংঘ সনদ অনুযায়ী বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে, মানবিক দায়বদ্ধতাও রয়েছে। তাঁরা অভিবাসন-প্রত্যাশী ও শরণার্থী—এ কথা ভুললে চলবে না।