ফ্রান্সে আইএসের হামলার চেষ্টা বানচাল!
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, তাঁরা সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা বানচাল করে দিয়েছেন। একই সঙ্গে সন্ত্রাসীদের একটি চক্রও ‘ধ্বংস’ করে দিয়েছেন। দেশটির একজন কৌসুলি দাবি করেছেন, ইসলামিক স্টেট (আইএস) ওই হামলা চালানোর ষড়যন্ত্র করেছিল।
ওলাঁদ জানান, গত বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডারবাহী সন্দেহভাজন একটি গাড়ি শনাক্ত করার পর তাঁরা সম্ভাব্য ওই হামলা বানচাল করে দেন বলে। গতকাল শুক্রবার এথেন্স সফরকালে ফরাসি প্রেসিডেন্ট বলেন, একটি ছোট দলকে ধ্বংস করা হয়েছে। তবে এ ধরনের দল আরও আছে।
প্যারিসের কৌঁসুলি ফ্রাঁসোয় মলিনস বলেন, আইএস এই হামলা চালাতে চেয়েছিল। যে তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ব্যবহার করতে চেয়েছিল আইএস।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দক্ষিণ প্যারিসের একটি শহরতলিতে ছয়টি গ্যাস সিলিন্ডার বহনকারী একটি গাড়িতে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন তিন নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে তাঁদের একজনকে গুলি করা হয়। এ সময় ছুরিকাঘাতে পুলিশের এক কর্মকর্তা আহত হন। ওই তিন নারীর বয়স যথাক্রমে ৩৯,২৩ ও ১৯ বছর। তাঁরা খুব শিগগির নতুন করে সহিংস হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।
গুলিবিদ্ধ ১৯ বছর বয়সী ওই নারীর নাম ইনেস মাদানি উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, ইনেস মাদানিসহ আরও দুজন নারীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা ‘বানচাল’ এবং সন্ত্রাসীদের একটি সেল ‘ধ্বংস’ করে দেওয়া হয়েছে।
তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, গুলিতে আহত ইনেস মাদানি ওই গাড়িটির মালিকের মেয়ে। তাঁর কাছ থেকে একটি চিঠি জব্দ করা হয়েছে। ওই চিঠিতে তিনি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।