ফ্রান্সে আরও হামলা হবে: ভালস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানুয়েল ভালস
ম্যানুয়েল ভালস

সন্ত্রাসী হামলা ঠেকাতে ফ্রান্স সবকিছু করে যাওয়া সত্ত্বেও দেশটিতে আরও হামলা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। চলতি সপ্তাহে ফ্রান্সে সন্ত্রাসী হামলায় পুলিশের একজন কর্মকর্তা ও তাঁর স্ত্রী নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে গতকাল বুধবার তিনি এ মন্তব্য করেন।
পুলিশের ওই কর্মকর্তা ও তাঁর স্ত্রীর ওপর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশকারী এক ফরাসি ব্যক্তি হামলা চালান বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন। হামলাকারী ব্যক্তিও পুলিশের অভিযানে নিহত হন। রাজধানী প্যারিসের উত্তর-পশ্চিমের উপশহর মাইনাভিলে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ইউরো ফুটবল ২০১৬ চ্যাম্পিয়নশিপ আয়োজনকারী দেশ ফ্রান্স কড়া সতর্কাবস্থায় থাকার মধ্যেই এ ঘটনা ঘটল। এ হামলার পরদিন মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ শীর্ষ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক করেন।
প্রধানমন্ত্রী ভালস গতকাল ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, ফ্রান্সের গোয়েন্দা ও পুলিশ বিভাগ ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ১৫টি হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এবং সম্ভাব্য সন্ত্রাসীদের শনাক্ত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভালস বলেন, ‘সন্ত্রাসীদের ধরার জাল আমাদের আরও শক্ত করতে হবে এবং পুলিশ ও গোয়েন্দা বিভাগকে প্রয়োজনীয় সব সহায়তা দিতে হবে।’