প্যারিস হামলার ক্ষত না শুকাতেই ফ্রান্সে আবারও এক ভয়াবহ হামলার ঘটনা ঘটল। দেশটির দক্ষিণাঞ্চলীয় নিস শহরে গত বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর বেপরোয়া ট্রাক তুলে দেয় এক চালক। এতে শিশুসহ অন্তত ৮৪ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর অনিবার্যভাবে একটা প্রশ্ন ওঠে, ফ্রান্সেই কেন বারবার হামলা?
গত বছরের শুরু থেকেই সন্ত্রাসী হামলার আঘাতে জর্জরিত ফ্রান্স। প্যারিসে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিদ্রূপাত্মক সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে জঙ্গি হামলা থেকে এ পর্বের ভয়াবহতার শুরু। ওই হামলায় ১২ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। এর পরদিন প্যারিসেরই এক শহরতলিতে এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়। পরদিন একটি ইহুদিদের খাবারের দোকানে হামলা চালিয়ে চারজনকে জিম্মি ও হত্যা করা হয়। তবে প্যারিসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে গত বছরের নভেম্বরে। একযোগে নগরের বাতাক্লঁ থিয়েটার হল, ফুটবল স্টেডিয়ামের সামনে ও একটি রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন ১৩০ জন। এরপর নিসে গত বৃহস্পতিবারের হামলার ঘটনা ঘটল। তবে ফরাসি পুলিশ ও গোয়েন্দারা বলেছে, তারা এর মাঝেও বেশ কয়েকটি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।
ফ্রান্সে কেন বারবার হামলা হচ্ছে, তার একটা কারণ খুঁজে পেয়েছেন কোনো কোনো বিশেষজ্ঞ। তাঁরা বলছেন, নিস শহরসহ সাম্প্রতিক সব কটি হামলাই চালিয়েছে ফ্রান্সের অগ্রসর ও বঞ্চিত অভিবাসী জনগোষ্ঠীর কেউ না কেউ। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক একজন কর্মকর্তা রবার্ট বায়ের এ ব্যাপারে সিএনএনকে বলেন, ফ্রান্সে বিপুলসংখ্যক উত্তর আফ্রিকার বংশোদ্ভূত মানুষ আছে, যারা বঞ্চিত। ফ্রান্সের নাগরিক হলেও ফরাসি সমাজের মূলধারার বাইরেই রয়ে গেছে তারা। বায়ের বলেন, ‘ফ্রান্সে কাজ করার সময় আমি দেখেছি, তাদের গোনার মধ্যেই ধরা হয় না। প্যারিস হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাসে, ট্রেনে আরবীয় চেহারার কাউকে দেখলে তাকে থামিয়ে পুলিশ তল্লাশি চালায়, পরিচয়পত্র দেখে।’
মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক সহকারী পরিচালক টম ফুয়েন্টেস বলেন, ফ্রান্সের অনেক অভিবাসী এখন তৃতীয় প্রজন্মের। তাঁদের বাবা কিংবা দাদারা মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে এসেছেন। কিন্তু কয়েক প্রজন্ম পর তাঁরা এখন ফ্রান্সের স্থায়ী বাসিন্দা হলেও নিজেদের ফরাসি মনে করেন না।
টম ফুয়েন্টেস বলেন, এই অভিবাসী জনগোষ্ঠী একপ্রকার একঘরে জীবনই যাপন করে। সাধারণ ফরাসি জনগোষ্ঠীর মধ্যে তাদের ধরা হয় না।