ফ্রান্সে গির্জায় যাজক হত্যাকারী দ্বিতীয় জনও চিহ্নিত
ফ্রান্সের উত্তরাঞ্চলের সাঁত-এতিয়ান-দু-রুভ্রে এলাকার গির্জায় গত মঙ্গলবার এক প্রবীণ ক্যাথলিক যাজককে (৮৪) হত্যাকারী দুজনের দ্বিতীয়জনের পরিচয় পাওয়া গেছে।
সরকারি কৌঁসুলিরা বলেছেন, তিনি আবদেল মালিক নাবিল পেতিজিন (১৯)। এর আগে অপর হামলাকারীকে আদেল কেরমিচ বলে শনাক্ত করা হয়। তাঁর বয়সও ছিল ১৯ বছর।
নিহত যাজক জ্যাক আমেলকে (৮৬) গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পর গির্জার বাইরে পুলিশের গুলিতে হামলাকারী দুজনও নিহত হন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
ঘটনার কিছু সময় পরে আইএস প্রকাশিত এক ভিডিও চিত্রে হামলাকারী দুজনকে সংগঠনটির প্রতি তাঁদের আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে ১৪ জুলাইয়ের হামলায় ৮৪ জনের প্রাণহানির ধাক্কা কাটিয়ে না উঠতেই এ হামলা হয়।
প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর থেকে বলা হয়, দ্বিতীয় হামলাকারীর ডিএনএ নমুনা পরীক্ষা করে তাঁকে আবদেল মালিক নাবিল পেতিজিন বলে চিহ্নিত করা হয়েছে।
ফ্রান্সের পূর্বাঞ্চলের বাসিন্দা নাবিল সন্দেহভাজন জঙ্গিদের ওপর নজরদারির তালিকায় ছিলেন। হামলার কয়েক দিন আগে থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ।
তদন্তকারী ব্যক্তিরা নাম উল্লেখ না করে জানিয়েছেন, দুই হামলাকারীর একজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছিল। কিছুদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। ফরাসি পুলিশের সন্ত্রাস দমন ইউনিট তাঁর সম্পর্কে জানত। তিনি ২০১৫ সালে দুবার সিরিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন। জামিনে মুক্তির পর তাঁকে একটি বৈদ্যুতিক পর্যবেক্ষণ ব্রেসলেট পরতে হতো, যাতে পুলিশ সার্বক্ষণিকভাবে তাঁর অবস্থান জানতে পারে।
ফ্রান্সে সম্প্রতি একের পর এক হামলা হয়েছে। এর কয়েকটির দায় স্বীকার করেছে আইএস। সংগঠনটি বলেছে, ফ্রান্স আন্তর্জাতিক জোটে অংশ নিয়ে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর কারণে এসব হামলা করছে তারা।