ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি শহরে গতকাল মঙ্গলবার গির্জায় হামলা চালিয়ে প্রবীণ এক ক্যাথলিক যাজককে (৮৪) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী দুজন নিহত হন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
নিহত যাজকের নাম জ্যাক আমেল। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, যাজককে গলা কেটে হত্যা করা হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় শহর নিসে ১৪ জুলাইয়ের হামলায় ৮৪ জনের প্রাণহানির শোক কাটিয়ে না উঠতেই গতকাল আবার হামলা হলো উত্তরের সাঁত-এতিয়ান-দু রুভ্রে এলাকায়।
আইএসের বার্তা সংস্থা হিসেবে পরিচিত ‘আমাক’ গতকাল এক বিবৃতিতে বলেছে, তাদের দুই ‘যোদ্ধা’ এ হামলা করেছেন। এটা আইএসবিরোধী জোটের দেশগুলোর প্রতি একটা জবাব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সকালে দুই হামলাকারী ওই গির্জায় ঢুকে যাজকসহ ভেতরের পাঁচ ব্যক্তিকে জিম্মি করে। পরে পুলিশ গির্জাটি ঘিরে ফেলে। একপর্যায়ে দুই হামলাকারী বেরিয়ে এলে পুলিশ গুলি চালায়। আরও যে চারজনকে জিম্মি করা হয়েছিল, তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনজন অক্ষত আছেন।
তদন্তকারী দলের একটি সূত্র জানিয়েছে, দুই হামলাকারীর একজনের বিরুদ্ধে এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার আগে তাঁকে কারাগারেও আটক রাখা হয়েছিল। ফরাসি পুলিশের সন্ত্রাস দমন ইউনিট তাঁর সম্পর্কে জানত। তিনি ২০১৫ সালে দুই দফায় সিরিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন। জামিনে মুক্তির পর তাঁকে একটি বৈদ্যুতিক পর্যবেক্ষণ ব্রেসলেট পরতে হয়েছে, যাতে পুলিশ যেকোনো সময় চাইলেই তাঁর অবস্থান জানতে পারে।
ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস এই বর্বর হত্যাকাণ্ডকে বেদনাদায়ক ও ভয়াবহ আখ্যা দিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনো উচ্চমাত্রার হুমকি রয়ে গেছে। আমরা একটি সংগঠনের (আইএস) বিরুদ্ধে লড়ছি, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আইন সমুন্নত রেখে সর্বপ্রকারে আমাদের এ লড়াই করতে হবে, কারণ এটা গণতান্ত্রিক দেশ।’
ফ্রান্সে সম্প্রতি একের পর এক হামলা হয়েছে। এর বেশ কটির দায় স্বীকার করেছে আইএস। ইরাক ও সিরিয়ায় আন্তর্জাতিক জোটে অংশ নিয়ে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে ফ্রান্স। ইউরোপের অন্যান্য দেশেও সম্প্রতি সন্ত্রাসী হামলা হয়েছে। চলতি সপ্তাহে জার্মানিতে এবং গত মার্চে বেলজিয়ামে এ রকম হামলা হয়েছে।