ফ্রান্সে জঙ্গি হামলা, শিরশ্ছেদ করা দেহ উদ্ধার

ফ্রান্সে একটি গ্যাসের কারখানায় সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর লিওনে ওই গ্যাস কারখানাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার কোম্পানিতে গ্যাস সরবরাহ করা হয়।
ফ্রান্সের পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্যাসের কারখানাটির কাছে একজনের শিরশ্ছেদ করা দেহ এবং ইসলামি স্লোগান সম্পৃক্ত একটি পতাকা পাওয়া গেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাত্র পাঁচ মাস আগে ফ্রান্সের প্যারিসে শার্লি হেবদো নামের রম্য একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে ইসলামী জঙ্গিরা হামলা করেছিল।
এদিকে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, হামলার গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে জঙ্গিরা এ হামলা চালিয়েছে। হামলাস্থলে একজনের শিরশ্ছেদ করা দেহ ইসলামি লেখা পতাকা পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়নের এক সম্মেলনে এখন বেলজিয়ামের ব্রাসেলসে আছেন ওলাঁদ। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, এমন হামলা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।