ফ্রান্সে জরুরি অবস্থা আবার বাড়ানো নিয়ে পার্লামেন্টে বিতর্ক
ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের অনুষ্ঠান উদ্যাপনকালে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটিতে চতুর্থ দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ নিয়ে পার্লামেন্টে আলোচনা শুরু করেন আইনপ্রণেতারা। এমন প্রেক্ষাপটে একের পর এক সন্ত্রাসী হামলায় সরকারের প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা জোরালো হয়েছে।
ভূমধ্যসাগর উপকূলের অবকাশ যাপন শহর নিসে গত বৃহস্পতিবার রাতের ভয়াবহ ট্রাক হামলায় অন্তত ৮৪ জন নিহত হন। এর পরপরই ফ্রান্সে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর প্রস্তাব দেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। অথচ কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, এর মেয়াদ আর বাড়ানো হবে না। গত বছরের নভেম্বরে রাজধানী প্যারিসের ছয়টি স্থানে একযোগে গুলিবর্ষণ ও আত্মঘাতী বোমা হামলার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। নিস শহরে হামলার আগ পর্যন্ত তার মেয়াদ তিন দফায় বাড়ানো হয়েছে।
ক্ষমতাসীন সমাজতন্ত্রী দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট ওলাঁদ জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানোর কথা বললেও বিরোধী রক্ষণশীল ব্যক্তিরা ২০১৭ সালের শুরু পর্যন্ত তা বহাল রাখার দাবি জানিয়েছেন। সরকারের কিছু সূত্র এএফপিকে জানিয়েছে, তাঁরা এ দাবি মানবেন না।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন ছাপানোর জেরে ২০১৫ সালের ৭ জানুয়ারি ফ্রান্সের ব্যঙ্গধর্মী পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে হামলায় ১২ জন নিহত হন। তখন থেকেই দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এরপর নভেম্বরে প্যারিসে হামলার প্রেক্ষাপটে জারি করা হয় জরুরি অবস্থা। এমন সতর্কতা ও জরুরি অবস্থা চলার মধ্যেই বৃহস্পতিবার নিস শহরে ভয়াবহ ট্রাক হামলার ঘটনা ঘটে।
নিস হামলার ঘটনার পর ক্ষমতাসীন ওলাঁদ সরকারের বিরুদ্ধে ক্রমেই সমালোচনামুখর হয়ে উঠছে বিরোধীরা। যদিও এর আগের হামলার ঘটনাগুলোতে সরকারের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য-বিবৃতি দিয়েছিল তারা।