ফ্রান্সে জরুরি অবস্থা বাড়ানোর পক্ষে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের জরুরি অবস্থা আরও বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এ নিয়ে আজ বুধবার এই ভোটাভুটি হয়। সেখানে চলমান জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ানোর পক্ষে ভোট পড়ে ৪৮৯টি। বিপক্ষে ভোট পড়ে ২৬টি।

গতকাল রাতে এ বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক বিতর্ক হয়। সেখানে বিরোধী দল চলমান জরুরি অবস্থার মধ্যেও নিরাপত্তাব্যবস্থায় ফাঁকফোকর ছিল বলে অভিযোগ তোলে।

গত নভেম্বরে প্যারিস হামলার পর থেকে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়—যা এই মাসের ২৬ তারিখ তুলে ফেলার কথা ছিল। কিন্তু এর মধ্যেই গত বৃহস্পতিবার (১৪ জুলাই) নিসে বাস্তিল দিবসের আতশবাজির অনুষ্ঠান শেষে ঘরমুখী লোকজনের ওপর ১৯ টনের একটি ভারী ট্রাক চালিয়ে দেওয়া হয়। এতে ১০ শিশুসহ ৮৪ জন প্রাণ হারান।

এ ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ এই জরুরি অবস্থা আরও তিন মাস বৃদ্ধি করেন। কিন্তু রক্ষণশীল বিরোধী দল আগামী জানুয়ারির শেষ পর্যন্ত কড়া নিরাপত্তা আইন বলবৎ রাখার দাবি জানালে সরকারকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এই আইনের মধ্য দিয়ে পুলিশ আরও বেশি তল্লাশি চালানো ও কাউকে গৃহবন্দী করে রাখার ক্ষমতা পায়।

আজ বুধবার সরকারি কৌঁসুলির কাছ থেকে পূর্বানুমতি ছাড়াই কর্তৃপক্ষ যেন লাগেজ ও যানবাহন তল্লাশি করতে পারে এবং পুলিশ যেন কম্পিউটার ও মোবাইল ফোনের তথ্য জব্দ করতে পারে, সে জন্য এমপিরা ভোট দিয়েছেন। এই বিলটি এখন উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হয়েছে। এর ওপর বিকেলে আলোচনা হবে।

আরও পড়ুন