ফ্রান্সে ট্রেনে হামলায় অভিযুক্ত ব্যক্তিকে জেরা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের হাইস্পিড ট্রেন সার্ভিস থালিসে গত শুক্রবার হামলার চেষ্টাকারী সশস্ত্র ব্যক্তিকে জেরা শুরু করেছে ফ্রান্স পুলিশ। হামলার চেষ্টার সময় ট্রেনের যাত্রী দুই মার্কিন নাগরিক অভিযুক্ত হামলার চেষ্টাকারী মরক্কোর নাগরিক আইয়ুব আল-কাজানিকে (২৫) ধরে ফেলে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
প্যারিসের কাছে সন্ত্রাস দমন বাহিনীর সদর দপ্তরে ধৃত আইয়ুব আল-কাজানির জেরা চলছে। কেবল ফ্রান্স নয়, বেলজিয়াম ও স্পেন সরকারও কাজানির পরিচয় জানে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের দপ্তর থেকে বলা হয়েছে, স্পেন কাজানিকে নিরাপত্তাঝুঁকি বলে চিহ্নিত করেছে বলে তাদের জানিয়েছে। গত বছর তিনি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করতে সিরিয়া গিয়েছিলেন। তবে সিরিয়ায় যাওয়ার আগে কাজানি ফ্রান্সেই থাকতেন।
আমস্টারডাম থেকে প্যারিসে যাওয়ার পথে ফ্রান্সের উত্তরাঞ্চলের অ্যারাঁসের কাছে টয়লেটে গিয়ে অস্ত্র লোড করার সময় ধরা পড়েন কাজানি। এদিকে ট্রেনে হামলার চেষ্টাকারী ধরার পড়ার ঘটনায় ইউরোপের প্রধান রেলপথগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত শনিবার জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর থালিস ট্রেনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই ট্রেন নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্সের বড় শহরগুলোয় চলে। বিভিন্ন রেলস্টেশনেও নিরাপত্তাব্যবস্থা ও টহল বাড়ানো হয়েছে। তল্লাশির পরিমাণ বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে।