ফ্রান্সে ট্রেনে হামলার চেষ্টার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত
ফ্রান্সের এক কৌঁসুলি গতকাল বুধবার বলেছেন, ট্রেনে সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। খবর এএফপি ও বিবিসির।
এ ঘটনায় অভিযুক্ত আয়ুব আল খাজানির মুঠোফোন পরীক্ষা করে দেখা গেছে, হামলার কিছু সময় আগে তিনি জিহাদি ভিডিও দেখেন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সুনির্দিষ্ট লক্ষ্যে ও পূর্বপরিকল্পিতভাবে হামলার চেষ্টা, অস্ত্র রাখা এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে ধ্বংসাত্মক অপরাধ চালানোর অভিযোগ আনা হয়েছে।
কৌঁসুলি ফ্রাঁসোয়া মলিনস সাংবাদিকদের বলেন, ট্রেনে হামলার ওই চেষ্টা ছিল পূর্বপরিকল্পিত। তিনি বলেন, ২৫ বছর বয়সী খাজানি রাইফেলসহ ২৭০টি বুলেট এবং এক বোতল পেট্রল বহন করছিলেন।
আমস্টারডাম থেকে প্যারিসে যাওয়ার পথে গত শুক্রবার বিকেলে ফ্রান্সের উত্তরাঞ্চলের অ্যারাঁসের কাছে হাইস্পিড ট্রেন সার্ভিস থালিসে আয়ুব আল খাজানি নামের সশস্ত্র এক তরুণকে ধরে ফেলেন তিন মার্কিন ও এক ব্রিটিশ নাগরিকসহ পাঁচজন যাত্রী।