ফ্রান্সে দুই মার্কিন সেনার বাহাদুরি

ফ্রান্সে চলন্ত ট্রেনে এক বন্দুকধারীকে পাকড়াও করেছে যাত্রী হিসেবে থাকা দুই মার্কিন সেনা। গতকাল শুক্রবার প্রচণ্ড গতিতে ছুটতে থাকা ওই ট্রেনে সশস্ত্র ওই ব্যক্তি তাঁর একে–৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ে। এতে দুজন আহত হয়। এরমধ্যে একজন মার্কিন সেনা রয়েছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে ওই দুই সেনার সাহসের প্রশংসা করে বলা হয়, এটা ‘আরও বেশি বেদনাদায়ক ঘটনায়’ রূপ নিতে পারত।
আজ শনিবার এএফপির খবরে জানানো হয়, একটি উচ্চ গতিসম্পন্ন ট্রেন গতকাল নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ফ্রান্সের প্যারিসে যাচ্ছিল। ওই ট্রেনের শৌচাগারে গিয়ে একজন একে-৪৭ রাইফেলে গুলি ভরছিলেন। বাইরে থেকে এর শব্দ শুনতে পান ট্রেনের যাত্রী দুই মার্কিন সেনা। তাঁরা সতর্ক হয়ে যান। বন্দুকধারী ব্যক্তি বেরিয়ে আসা মাত্র অন্যদের নিয়ে তাঁকে জাপটে ধরেন তাঁরা। এ সময় গুলিতে একজন মার্কিন সেনা সদস্যসহ দুজন আহত হয়েছেন বলে পেন্টাগন নিশ্চিত করেছে।
ট্রেনটি অ্যারাস শহরে থামার পর সন্দেহভাজন ওই অস্ত্রধারীকে পুলিশ আটক করে। ২৬ বছর বয়সী সন্দেহভাজন ওই অস্ত্রধারী মরক্কো বা মরক্কোর বংশোদ্ভূত অন্য কোনো দেশের নাগরিক। ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা ওই যুবক সম্পর্কে জানেন বলে তদন্ত কর্মকর্তারা বলছেন।
কী কারণে হামলার পরিকল্পনা করা হয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী তদন্ত কর্মকর্তারা ঘটনা খতিয়ে দেখছেন।
জানুয়ারিতে প্যারিসে ইসলামপন্থী বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহত হওয়ার পর এ ব্যাপারে দেশটি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।