ফ্রান্সে নিরামিষভোজী উগ্রপন্থীদের হামলা-আতঙ্কে নিরাপত্তা চেয়েছেন মাংস বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের মাংস বিক্রেতারা সম্প্রতি সরকারের কাছে সুরক্ষা চেয়ে আবেদন করেন। ছবি: এএফপি
ফ্রান্সের মাংস বিক্রেতারা সম্প্রতি সরকারের কাছে সুরক্ষা চেয়ে আবেদন করেন। ছবি: এএফপি

ফ্রান্সের মাংস বিক্রেতারা নিরামিষভোজী ‘উগ্রপন্থীদের’ হামলার কথা জানিয়ে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি লিখেছেন। ওই নিরামিষভোজীরা (ভিগান) দেশটির মাংস খাওয়ার ঐতিহ্যবাহী প্রচলন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে।

দ্য ফ্রেঞ্চ ফেডারেশন অব বুচারসের সদস্যরা তাঁদের ওপর হামলার তথ্য জানিয়ে বলেছেন, মাংস বিক্রির দোকানগুলোয় পাথর ছুড়ে মারা হচ্ছে বা মাংস খাওয়াবিরোধী গ্রাফিতি ও স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েক মাসে ১৫টি দোকানে রং দিয়ে রক্ত বানিয়ে তা ছিটিয়ে দেওয়া হয়েছে।

ফেডারেশনের প্রধান জোঁ-ফ্রাসোয়াঁ গুইহার্ড চিঠিতে বলেছেন, এ ধরনের হামলা সন্ত্রাসবাদের আরেক রূপ। তিনি লিখেছেন, ‘এটা ভীতি তৈরি করেছে। এসব মানুষ (নিরামিষাশী) ঘৃণার বীজ বুনছেন। তাঁদের লক্ষ্য ফ্রান্সের সংস্কৃতি থেকে মাংস খাওয়ার বিষয়টি উধাও করে দেওয়া। নিরামিষাশীরা তাঁদের জীবনযাপন, এমনকি আদর্শ একটি বড় অংশের মানুষের ওপর চাপিয়ে দিতে চাইছেন।’

ভিগান (নিরামিষভোজী হওয়াকে যাঁরা জীবনের দর্শন হিসেবে নেন) ও ভেজেটেরিয়ান (সাধারণ নিরামিষভোজী) নিয়ে ২০১৬ সালে ফ্রান্সে এক জরিপ চালানো হয়। এতে দেখা যায়, সেখানে মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ মানুষ নিরামিষভোজী।

গুইহার্ডের মতে, গণমাধ্যমে ভিগান জীবনযাপনকে খুব বেশি মাত্রায় উৎসাহিত করে প্রচার চালানো হয়। তাঁদের অসহিষ্ণু করে তুলতে এই প্রচারও ভূমিকা রাখছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে মাংস বিক্রেতাদের মর্যাদাপূর্ণ অবস্থান রয়েছে। তবে তাঁদের সঙ্গে ঘটা এমন ঘটনা সেখানে নতুন নয়। একজন মাংস বিক্রেতা জানিয়েছেন, ২০ বছর আগে একবার তাঁর দোকান তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল।

ফ্রান্সে মাংস বিক্রি কমে যাওয়ার ঘটনায় সম্প্রতি মাংস বিক্রেতা ও পশুখামারিরা প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সরকারের কাছে সুরক্ষা চেয়ে আবেদন করেন।

খাবার বিক্রেতারা মাংসবিহীন পণ্য হিসেবে ‘স্টেক’, ‘ফিলিট’, ‘বেকন’, ‘সসেজ’—এই শব্দগুলো ব্যবহার করা বন্ধ হোক, তা চান।

দেশটির স্কুলগুলোয় সপ্তাহে এক দিন নিরামিষ খাওয়ানোর প্রস্তাবও করা হয়েছিল পার্লামেন্টে। তবে তা বাতিল করে দেওয়া হয়।

গত মার্চে ফ্রান্সে এক ভিগানকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাংস বিক্রেতাদের বিষয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার কারণে কারাবন্দী হন। তিনি লিখেছিলেন, একজন মাংস বিক্রেতাকে ইসলামি জঙ্গি হত্যা করলে তা হবে ‘সুবিচার’।