ফ্রান্সে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল এলাকায় অবস্থিত ফ্লামঁভিল্লা নামের বিদ্যুৎকেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিকিরণ ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা জ্যাক উইটকফস্কি বলেন, শেখবু বন্দর থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটি গত শতকের আশির দশক থেকে কাজ করছে। গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে, তা কারিগরি ত্রুটির কারণে। এটি কোনো পারমাণবিক দুর্ঘটনা নয়। বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক বিক্রিয়ায় অঞ্চলের বাইরের একটি ভেন্টিলেটর বিস্ফোরিত হয়েছে।

উইটকফস্কি আরও বলেন, দুর্ঘটনায় ধোঁয়ার কারণে পাঁচ ব্যক্তির শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা হয়, তবে কেউ গুরুতর আহত হননি। সবকিছু ভালোভাবে সামলানো গেছে। জরুরি বিভাগের কর্মীরা চলে যাচ্ছেন।

বিদ্যুৎকেন্দ্রটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই কেন্দ্রের দুটি চুল্লির একটি বন্ধ করে দেওয়া হয় এবং গ্রিনিচ মান সময় বেলা ১১টায় সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে। ১ হাজার ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই চুল্লির একটি ১৯৮৫ সাল থেকে, অপরটি ১৯৮৬ সাল থেকে কাজ করছে।