ফ্রান্সে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪৩ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গতকাল শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৪১ জন বাসটির প্রবীণ যাত্রী। তাঁরা অবকাশ যাপনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। খবর রয়টার্স ও বিবিসির।
দুর্ঘটনায় এক বালকসহ ট্রাকের দুই আরোহীও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এটি গত তিন দশকের মধ্যে ফ্রান্সে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা।
স্থানীয় সরকারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, গতকাল সকালে গিরন্দ অঞ্চলের ফিসগারের কাছাকাছি এক আঞ্চলিক সড়কে বাস ও ট্রাকের ওই সংঘর্ষ হয়। এতে যান দুটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলটি ওয়াইন উৎপাদনের জন্য বিশ্বখ্যাত বোর্দো থেকে ৩৫ মাইল পূর্বে অবস্থিত।
এর আগে ১৯৮২ সালে ফ্রান্সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫৩ জনের প্রাণহানি ঘটেছিল।