ফ্রান্সে শরণার্থীশিবির উচ্ছেদ

ফ্রান্সের ক্যালেতে ‘জঙ্গল’ নামে পরিচিত শরণার্থীশিবির উচ্ছেদে অভিযান শুরু করেছে পুলিশ। আজ শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় ১২ শতাধিক পুলিশ। এই শিবিরে সাড়ে ছয় হাজার শরণার্থী করুণ অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন।
অভিযান শুরুর পর স্যুটকেস ও অন্যান্য সামগ্রী নিয়ে কয়েক শ শরণার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান।
রয়টার্সের খবরে বলা হয়, ভোররাত থেকে শরণার্থীশিবিরে পুলিশের অভিযান শুরু হয়। তখন অবশ্য শরণার্থীদের একটি ছোট দল পুলিশের ওপর পাথর ছুড়ে মারে। কয়েকজনকে আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

সমাজবাদী ফরাসি সরকার বলেছে, তারা শরণার্থীশিবির বন্ধ করে দিতে চায়। সরকার তাঁদের দেশের ৪৫০টি কেন্দ্রে পুনর্বাসনের ব্যবস্থা করবে।
এসব শরণার্থীকে প্রায় সবাই যুদ্ধ, দারিদ্র্য এবং অন্যান্য মানবিক কারণে নিজ নিজ দেশ থেকে পাড়ি দিয়েছে। এঁদেরই একজন পশ্চিম আফ্রিকার দেশ গিনির বাসিন্দা আমাদু দিয়ালো বলেন, ‘আমার মনে হয় এখন একটি কাজের কাজ হবে। আমি একাই এসেছি। পড়াশোনা করতে চাই।’ তিনি বলেন, ‘এ যাত্রার কোথায় শেষ হবে তা নিয়ে ভাবি না। আমি সত্যিই কোনো কিছুর তোয়াক্কা করি না।’
শরণার্থীদের মধ্যে বেশির ভাগ আফগানিস্তান, সিরিয়া, ইরিত্রিয়ার বাসিন্দা। এঁদের সবারই লক্ষ্য যুক্তরাজ্যে যাওয়া।

ত্রাণকর্মীরা শরণার্থীদের অভিবাসনের আইনি বিষয়গুলো নিয়ে কিছু কাগজপত্র দিয়ে সহায়তা করেছেন। পরিবার, বয়স্ক মানুষ, একক নারী—ইত্যাদি নানা ভাগে ভাগ করে শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে। এরপর তাঁদের আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁদের মেডিকেল পরীক্ষা করা হবে। আজ অন্তত ৬০টি বাসে করে এসব শরণার্থীকে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সবাইকে নিয়ে যেতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে ধারণা তাদের।
আজ পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও ত্রাণকর্মীরা মনে করছেন, শরণার্থীদের কেউ কেউ হয়তো যেতে চাইবেন না। আর এর ফলে এই শান্ত অবস্থা বিঘ্নিত হতে পারে।