ফ্রান্সে সেনাদের ওপর গাড়ি চালিয়ে দিল যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে গত শুক্রবার একটি মসজিদের নিরাপত্তায় নিয়োজিত সেনাসদস্যদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে এক যুবক। এ সময় একজন সেনাসদস্য ও আরেকজন পথচারী আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের ভালোঁস শহরে এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

ভালোঁসের মেয়র নিকোলা দারাগোঁ বলেন, শহরের শান্ত এলাকায় মসজিদটির অবস্থান। শুক্রবার সেখানে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় চার সেনাসদস্য মসজিদটির সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন তাঁদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। এতে একজন সেনাসদস্য আহত হন। এ ছাড়া সেনাদের ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক পথচারীর পায়ে লাগে। ৭২ বছর বয়সী ওই ব্যক্তি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন।

এদিকে ২৯ বছর বয়সী ওই যুবক দ্বিতীয় দফায় সেনাসদস্যদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে গুলি করে আহত করেন সেনাসদস্যরা। আল্পস পর্বতমালা অঞ্চলের লিয়ঁ শহরের বাসিন্দা ওই যুবক গুরুতর আহত হলেও তাঁর জীবন সংকটাপন্ন নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার।

মসজিদটির ইমাম আবদুল্লাহ ইমাম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।