ফ্রান্সে স্কুলবাস ও ট্রেনের সংঘর্ষে ৪ শিশু নিহত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে পারপিনিয়ন শহরে ট্রেনের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল বৃহস্পতিবার পারপিনিয়ন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মিলাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীদের সবাই উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। তাদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, বাসটি মিলাস এলাকার ক্রিশ্চিয়ান বারকুইন কলেজ থেকে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। এতে বাসটি মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি। বাস ও ট্রেনের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওকসিতানির রিজওনাল কাউন্সিলের প্রেসিডেন্ট ক্যারল দেলগা বলেন, লেভেল ক্রসিং এর অবস্থা বেশ ভালো ছিল। এবং এটা কিছুদিন আগে আপডেট করা হয়েছে। ব্যারিয়ারের বিষয়টি দৃশ্যমান ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ট্রেন অপারেটররা জানান, সংঘর্ষের সময় লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার দেওয়া ছিল।
তবে আহত এক ছাত্রীর আত্মীয় জানান ভিন্ন কথা। ওই ছাত্রীর বরাত দিয়ে তিনি জানান, লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ার নিচে নামানো ছিল না। এমনকি লাল আলোও জ্বলছিল না। বাস ড্রাইভার এগিয়ে যান এবং মাঝপথে থেমে যান। এবং এ কারণেই এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। এ ঘটনায় দুঃখপ্রকাশ করে একে ভয়াবহ দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দুর্ঘটনায় হতাহত ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।