ফ্রান্সে হামলাকারী নিহত

ফ্রান্সের বিপণিবিতানে জিম্মি করা বন্দুকধারীও নিহত হয়েছে। এর আগে ওই হামলাকারী তিনজনকে হত্যা করে বলে জানিয়েছে বিবিসি। তবে সিএনএন বলছে, হামলাকারীসহ নিহতের সংখ্যা তিন।
স্থানীয় সময় শুক্রবার সকালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর সেবে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করে। হামলাকারীকে বশে আনতে পুলিশের তিন ঘণ্টা সময় লেগেছে বলে সিএনএন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
সেখানকার কাউন্টার টেররিজম পুলিশের প্রসিকিউটরের দাবি, এ হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জড়িত। হামলাকারীকে মরক্কো বংশোদ্ভূত ফরাসি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে সেখানকার পুলিশ।
ফ্রান্স সরকারের এক সূত্র বলছে, এর আগে কারকাসানো শহরে চালককে আঘাত করে একটি গাড়ি ছিনতাই করে ওই হামলাকারী। পরে সে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে সুপার ইউ স্টোর নামের ওই বিপণিবিতানে ঢুকে পড়ে।
বিপণিবিতানে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হামলার সময় আমরা ৫০ জনের মতো গাড়ি পার্কিংয়ে লুকিয়ে পড়ি।’
ঘটনার পরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন। আর প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ বলেছেন, বিষয়টি ‘মারাত্মক’।
২০১৫ সাল থেকে ফ্রান্সে উগ্রবাদীদের বিভিন্ন হামলার ঘটনা ঘটে আসছে। ওই বছরের নভেম্বরে প্যারিসে এক হামলায় ১৩০ জন নিহত হন।