ফ্রান্সে ১ হাজারের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ

করোনাভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ রোগ ঠেকাতে ফ্রান্সে এক হাজারের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেছেন, ফ্রান্সের চারজন আইনপ্রণেতার দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
স্থানীয় সময় গতকাল রোববার অলিভার ভেরান এই পদক্ষেপ নেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় জীবনে দরকারি—এমন কর্মসূচির তালিকা কর্মকর্তারা দেবেন। এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। উদাহরণ হিসেবে তিনি বিক্ষোভের কথা বলেন।
ইউরোপে ইতালির পর ফ্রান্সে করোনোভাইরাস বেশি ছড়িয়েছে। দেশটিতে ১ হাজার ১০০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের উত্তরে করোনাভাইরাস বেশি ছড়িয়েছে। সেখানে একধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
গত বছরের ডিসেম্বর মাসে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এরপর এই ভাইরাস ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
ফ্রান্সের পারিজান এলাকার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, দেশটির পার্লামেন্টের আরও দুজন সদস্য করোনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত আইনপ্রণেতার সংখ্যা চারে পৌঁছাল। ফ্রেঞ্চ পার্লামেন্টে আরও দুজন কর্মী এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ভেরান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের হার কমানোর বিষয়টিকে এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা এখন এই ভাইরাসের সংক্রমণ রোধ কার্যক্রমের দ্বিতীয় ধাপে আছি।’
করোনার সংক্রমণ রোধে ফ্রান্স সরকার তৃতীয় ধাপের সতর্কতার প্রস্তুতি নিচ্ছে। এই ধাপে স্কুলগুলো বন্ধ করা হবে। গণপরিবহন বাতিল করা হবে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, এ ধরনের পরিস্থিতি এখন অনিবার্য।
দেশটিতে খেলা ও বিনোদনমূলক অনুষ্ঠান, বইমেলার মতো জমায়েতের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গত শনিবার স্টার্সবুর্গে পিএসজি লিগ মুলতবি করা হয়। একই সঙ্গে স্কটল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত নারীদের সিক্স নেশনস রাগবি খেলাও মুলতবি করা হয়।
গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ বলেন, দেশটির কর্তৃপক্ষ আগামী মাসগুলোয় মাস্কের জন্য চাহিদাপত্র দেবে। সেগুলো স্বাস্থ্য কর্মকর্তা ও সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে।