ফ্রান্সে 'আইএস সমর্থকের' হাতে সস্ত্রীক পুলিশ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দেহভাজন খুনি লারোচ্ছি আবাল্লা
সন্দেহভাজন খুনি লারোচ্ছি আবাল্লা

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় পুলিশের একজন কর্মকর্তা ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশকারী এক ব্যক্তি এ হামলা চালান বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন। হামলাকারী ব্যক্তিও পুলিশের অভিযানে নিহত হয়েছেন।
রাজধানী প্যারিসের উত্তর-পশ্চিমের উপশহর মাইনাভিলে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ইউরো ফুটবল ২০১৬ চ্যাম্পিয়নশিপ আয়োজনকারী দেশ ফ্রান্স কড়া সতর্কাবস্থায় থাকার মধ্যেই এ ঘটনা ঘটল। এ হামলার পর গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ শীর্ষ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আইএস সম্পৃক্ত আমাক নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে বলেছে, ইসলামিক স্টেটের এক যোদ্ধা প্যারিসের কাছাকাছি লে মিউহো শহরের পুলিশ স্টেশনের উপপ্রধান ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে।
তদন্ত সূত্র বলেছে, হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর নাম লারোচ্ছি আবাল্লা (২৫)। তিনি পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত জঙ্গি দলের সঙ্গে সম্পৃক্ততার কারণে ২০১৩ সালে সাজা খেটেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, লারোচ্ছি আবাল্লা প্রথমে জঁ ব্যাপতিস্ত সালভাইং নামের ওই পুলিশ কর্মকর্তাকে তাঁর বাড়ির বাইরেই উপর্যুপরি ছুরিকাঘাত করেন। প্রত্যক্ষদর্শীরা তদন্তকারীদের বলেন, হামলাকারী ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে সাদাপোশাকে থাকা ওই পুলিশকে ছুরি মারেন। এরপর তিনি তাঁর বাসায় ঢুকে তাঁর স্ত্রী জেসিকা স্নাইডার ও তিন বছরের ছেলেকে জিম্মি করেন। একপর্যায়ে হামলাকারী পুলিশ কর্মকর্তার স্ত্রীকেও গলা কেটে মেরে ফেলেন। সেখানে তিনি ১১ মিনিটের একটি ভিডিও রেকর্ড করেন। এতে তিনি ফ্রান্সের মুসলিমদের পুলিশ, রাজনীতিকসহ বিভিন্ন মহলের লোকজনের ওপর হামলার আহ্বান জানান। আইএস তাদের বার্তা সংস্থার ওয়েবসাইটে ভিডিওটি পোস্ট করেছে।
হামলাকারীর সঙ্গে আলোচনা করেও তাঁকে নিরস্ত করতে ব্যর্থ হয়ে এলিট আরএআইডি পুলিশ ঘটনাস্থলের দিকে এগোয় এবং সেখানে তুমুল বিস্ফোরণের শব্দ শোনা যায়। নাম না প্রকাশের শর্তে তদন্তসংশ্লিষ্ট সূত্র বলে, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দর-কষাকষির সময় হামলাকারী ব্যক্তি আইএসের প্রতি তাঁর আনুগত্যের কথা বলেছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়ে হরি বন্দে বলেন, অভিযানে হামলাকারী নিহত হন এবং ঘর থেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। তবে নিহত দম্পতির শিশুপুত্র বেঁচে আছে।