ফ্রান্সে সন্দেহভাজন একজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গতকাল বৃহস্পতিবার গুলি করে হত্যা করেছে পুলিশ। প্যারিসে একটি থানায় হামলার সময় তাকে হত্যা করা হয়। প্যারিসে রম্য সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে ১২ জনের প্রাণহানির ঘটনার প্রথম বার্ষিকীতে এ ঘটনা ঘটল। খবর এএফপির।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহত ব্যক্তির পরনে একটি বস্তু ছিল, যেটিকে বিস্ফোরকভর্তি অন্তর্বাস বলে মনে করা হচ্ছে। হাতে ছুরি নিয়ে সে প্যারিসের গৌত্তে দ্য’অর এলাকায় পুলিশের ওপর হামলার চেষ্টা করে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, গতকাল সকালে ওই ব্যক্তি একটি থানার সামনের অভ্যর্থনাকক্ষে একজন পুলিশ সদস্যের ওপর আক্রমণের চেষ্টা করে। পরে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থলে বিস্ফোরক বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ গত বছরের ৭ জানুয়ারি শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে প্যারিসে পুলিশ সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানে আবেগঘন ভাষণ দেওয়ার পরপরই এ ঘটনার খবর আসে। পাশাপাশি গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জনের মৃত্যুর শোক এখনো ভুলতে পারেনি ফ্রান্স।