ফ্রান্সে 'সন্ত্রাসবিরোধী' সমাবেশে মুসলিমদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী শুক্রবার ‘সন্ত্রাস বিরোধী’ সমাবেশে অংশ নিতে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্যারিসের প্রধান মসজিদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ওই মসজিদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শুক্রবারের সমাবেশে অংশ নিতে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে পবিত্র জুমার নামাজের পর বেলা দুইটায় ওই সমাবেশ হবে। সেখানে ‘সন্ত্রাসকে না’ এবং ফ্রান্সের ‘বহুমুখিতা ও মূল্যবোধের প্রতি সংহতি’ জানাতে সব মুসলিম নাগরিক ও তাদের বন্ধুদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যাঁরা মুসলমানদের ব্যাপারে সন্দেহ ও বিদ্বেষপূর্ণ ভাবনা মাথায় নিতে চান, তাঁদের প্রতি সবচেয়ে ভালো জবাব হবে এই সমাবেশ।
ওই মসজিদের প্রধান ইমাম দলিল বাউবকর প্যারিসে গত শুক্রবার ভয়াবহ হামলার ঘটনাকে ‘বিভীষিকাময়’ ও ‘অবর্ণনীয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই হামলায় ‘একেবারে নির্দোষ’ ফরাসিদের হত্যা করা হয়েছে।
গত শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে বোমা, গুলি ও আত্মঘাতী হামলায় অন্তত ১৩২ জন নিহত হন।