ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে আশাবাদী কট্টরপন্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে গতকাল রোববার প্রথম দফায় ভোট নেওয়া হয়েছে। রাজধানী প্যারিসে তিন সপ্তাহ আগে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এটিই দেশটিতে প্রথম নির্বাচন। এতে অভিবাসন ও মুসলিমবিরোধী কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) প্রথমবারের মতো অন্তত একটি অঞ্চলের নিয়ন্ত্রণ পাওয়ার আশা করছে। খবর এএফপির।
মারিন লো পেনের দল এফএন প্যারিসে জঙ্গি হামলার ঘটনার জেরে জনসাধারণের ক্ষোভকে কাজে লাগিয়ে নির্বাচনে সাফল্য পেতে চাইছে। গত ১৩ নভেম্বরের ওই জঙ্গি হামলায় ১৩০ জন নিহত ও ৩৫০ জন আহত হয়। ঘটনাটি মোকাবিলায় সরকারের ভূমিকায় জনগণ সন্তুষ্ট কি না, তা এবারের নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
বিবিসি জানায়, সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির নেতৃত্বে মধ্য ডানপন্থী দল লে রেপুবলিকাঁ অধিকাংশ অঞ্চলে জয়ের আশা করছে। দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে ১৩ ডিসেম্বর। প্রায় ৪ কোটি ৪০ লাখ নাগরিক ভোট দেওয়ার সুযোগ পাবেন। জনমত জরিপ অনুযায়ী, লে রেপুবলিকাঁ এবং এফএন ৩০ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছে। আর প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সমাজতন্ত্রী দল (পিএস) ২২ শতাংশ ভোট নিয়ে পিছিয়ে রয়েছে।
কট্টর ডানপন্থী মারিন লো পেনের দল এফএন এবারের আঞ্চলিক নির্বাচনে বড় সাফল্য পেলে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির সম্ভাবনা বাড়বে।