ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে ডানপন্থীরা এগিয়ে
ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) কয়েকটি অঞ্চলে এগিয়ে রয়েছে। দলটির নেতা মারিন লো পেন বলেছেন, ফরাসি ভোটাররা ‘পুরোনো রাজনৈতিক শ্রেণিকে’ প্রত্যাখ্যান করেছেন। খবর বিবিসির।
রোববার প্রথম দফা ভোট শেষে মোট ১৩টি অঞ্চলের মধ্যে ছয়টিতে এগিয়ে রয়েছে এফএন। আগামী ১৩ ডিসেম্বর দ্বিতীয় দফা ভোট নেওয়া হবে। ফ্রান্সের রাজধানী প্যারিসে গত মাসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর দেশটিতে এটিই প্রথম নির্বাচন।
এতে প্রথম দফায় সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মধ্য ডানপন্থী দলকে পেছনে ফেলে জাতীয়তাবাদী এফএন প্রায় ২৮ শতাংশ ভোট পেয়েছে। সারকোজির দল লে রেপুবলিকাঁ ২৭ শতাংশের কম ভোট পায়। আর আর ক্ষমতাসীন সমাজতন্ত্রী দল (পিএস) পেয়েছে মাত্র ২৩ দশমিক ৫ শতাংশ ভোট।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের দল পিএস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ—দুই অঞ্চলের দ্বিতীয় দফা ভোটে তারা অংশ নেবে না। ধারণা করা হচ্ছে, এফএনের কাছে পরাজয় এড়াতেই দলটি লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
অভিবাসনবিরোধী রাজনীতির জন্য খ্যাত এফএন আগে কখনো কোনো অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ পায়নি। এবারের সাফল্যে উজ্জীবিত হয়ে দলটি ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও উল্লেখযোগ্য সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে।