ফ্রান্সের আরেক স্থানে বুরকিনি নিষিদ্ধ
ফরাসি দ্বীপ করসিকাতে মুসলিম নারীদের জন্য পুরো গা ঢাকা সাঁতারের পোশাক বুরকিনিকে ঘিরে সংঘর্ষের জেরে স্থানীয় এক মেয়র এই পোশাককে নিষিদ্ধ করেছেন। আজ মঙ্গলবার থেকে তা কার্যকর হওয়ার কথা।
নতুন করে বুরকিনি নিষিদ্ধ করেছেন করসিকার সিসকো গ্রামের মেয়র পিয়ে হর ভিভোনি। এর আগে দেশটির বিনোদন শহর কান ও ভিন্নাভ লুবের সমুদ্রসৈকতে বুরকিনিকে নিষিদ্ধ করা হয়েছিল।
গত শনিবার ফ্রান্সের এক আদালত কানে বুরকিনি নিষিদ্ধের পক্ষে রায় দিয়ে বলেন, এটি দেশটির ধর্মনিরপেক্ষতা আদর্শের বিরোধী।
শনিবার করসিকার সিসকো গ্রামে স্থানীয় মুসলিম ও উত্তর আফ্রিকার বংশোদ্ভূতদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা ও সংঘর্ষে পাঁচজন আহত হন। তিনটি গাড়ি পোড়ানো হয়। সংঘর্ষ থামাতে সেখানে শ খানেক পুলিশ সদস্যকে পাঠানো হয়। পরে সিসকোর মেয়র পিয়ে হর ভিভোনি বলেন, ‘এই এলাকায় মঙ্গলবার (আজ) থেকে বুরকিনি নিষিদ্ধ করা হলো।’
শনিবারের সংঘর্ষের সূত্রপাত ঠিক কীভাবে হয়, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। কিন্তু এক প্রত্যক্ষদর্শী বলেন, করসিকার সৈকতে বুরকিনি পরে সাঁতার কাটা এক নারীর ছবি তোলেন এক পর্যটক, এটিই সংঘর্ষ শুরু হওয়ার কারণ।
করসিকার নিকটবর্তী এলাকা বাসচিয়ার কৌঁসুলিরা বলেন, সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া সেখানে গতকাল সোমবার অনুষ্ঠেয় স্থানীয় এক অনুষ্ঠানও বাতিল করা হয়। আগের দিনও সেখানে ছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।