ফ্রান্সের একটি জাদুঘরের সংগৃহীত চিত্রকর্মের অর্ধেকই ভুয়া

চিত্রশিল্পী এচিয়েন টেরাসের নামে উৎসর্গ করা ফ্রান্সের একটি জাদুঘরের সংগৃহীত চিত্রকর্মের অর্ধেকই ভুয়া বলে অনুসন্ধানে দেখা গেছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অ্যালনেতে অবস্থিত জাদুঘর দ্য টেরাসের এ ভুয়া চিত্রকর্মের সংখ্যা ৮২। এগুলো এচিয়েন টেরাসের আঁকা নয়। এ ভুয়া চিত্রকর্মের সংখ্যা জাদুঘরটির মোট সংগৃহীত চিত্রকর্মের সংখ্যার অর্ধেকেরও বেশি; যার আর্থিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার ইউরো (১ লাখ ৪০ হাজার পাউন্ড)।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, জাদুঘর সফর করা এক শিল্পকর্ম ইতিহাসবিদের সতর্কবাণী পাওয়ার আগ পর্যন্ত জাদুঘরকর্মীরা এই জালিয়াতির বিষয়টি জানতেনই না। জাদুঘরটির জন্য ২০ বছরের বেশি সময় ধরে এসব চিত্রকর্ম ও জলরং কিনেছিল দ্য কাউন্সিল ইন অ্যালনে।
এসব চিত্রকর্ম জাল হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন যে শিল্পকর্ম ঐতিহাসিক, তিনি হলেন এরিক ফরকাডা। কয়েক মাস আগেই তিনি ওই চিত্রকর্মগুলো প্রকৃত নয়, এমন আশঙ্কার কথা জানিয়ে জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করেছিলেন। এ আশঙ্কা ব্যক্ত করার পর জাদুঘর কর্তৃপক্ষ বিশ্বের সংস্কৃতিজগতের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা জাদুঘর পরিদর্শন করে এই সিদ্ধান্তে উপনীত হন যে সংগৃহীত চিত্রকর্মগুলোর অর্ধেকই অর্থাৎ ৮২টি ভুয়া।
জাদুঘরটি নতুন করে সাজানোর পর গত শুক্রবার এ তথ্য প্রকাশ হয়। এক সাক্ষাৎকারে স্থানীয় মেয়র এই ঘটনাকে এক বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন।