ফ্রান্সের ক্যালেইয়ের বস্তির অভিবাসীদের উচ্ছেদের নির্দেশ
ফ্রান্সের ক্যালেই বন্দর এলাকার উদ্বাস্তু শিবিরের একাংশ থেকে অভিবাসীদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘জঙ্গল’ নামে পরিচিত ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে ফরাসি সরকার। খবর বিবিসির।
ক্যালেইয়ের ওই শিবিরটির দক্ষিণাংশ থেকে সরে যাওয়ায় জন্য সেখানে অবস্থানরত বিদেশি উদ্বাস্তুদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটার মধ্যে স্থানটি ত্যাগ করতে হবে তাঁদের। এরপরও কেউ সেখানে থাকলে জোর করে উচ্ছেদ করা হবে। পরে সেখানকার অস্থায়ী অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে।
ক্যালেইয়ের এ শিবিরটি বিভিন্ন দেশের অভিবাসীর উপস্থিতির কারণে সাংস্কৃতিক বৈচিত্র্যে সৃমদ্ধ। সেখানে রয়েছে অস্থায়ী বিদ্যালয়, দোকান; এমনকি ধর্মীয় প্রার্থনার স্থাপনাও। কর্তৃপক্ষ বলছে, এই উচ্ছেদ অভিযানে এক হাজার লোক ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু স্বেচ্ছাসেবীদের মতে, কর্তৃপক্ষের অনুমিত সংখ্যার চেয়ে অন্তত দ্বিগুণ লোক সেখানে বসবাস করছেন। এঁরা মূলত মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আগত অভিবাসী। ইংলিশ চ্যানেলের ওপারে থাকা যুক্তরাজ্যে যাওয়ার আশায় আস্তানা গেড়েছেন সেখানে।