ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর গোয়েন্দাগিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক শিরাক, নিকোলা সারকোজি ও ফ্রাসোয়া ওঁলাদের ওপর ২০০৬-১২ সাল পর্যন্ত মার্কিন নজরদারি চলে।
জ্যাক শিরাক, নিকোলা সারকোজি ও ফ্রাসোয়া ওঁলাদের ওপর ২০০৬-১২ সাল পর্যন্ত মার্কিন নজরদারি চলে।

ফ্রান্সের তিনজন প্রেসিডেন্টের ওপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। ২০০৬-১২ সাল পর্যন্ত জ্যাক শিরাক, নিকোলা সারকোজি ও ফ্রাসোয়া ওঁলাদের ওপর এই নজরদারি চলে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করেছে উইকিলিকস।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এনএসএর গভীর গোপন গোয়েন্দা প্রতিবেদন ও কৌশলগত নথির বরাত দিয়ে ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর মার্কিন নজরদারির তথ্য দিয়েছে উইকিলিকস। তবে উইকিলিকসের নথির যথার্থতা নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।
ওঁলাদ ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট। ২০১২ সাল থেকে এই পদে আছেন তিনি। সারকোজি ২০০৭-১২ এবং শিরাক ১৯৯৫-২০০৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।
উইকিলিকসের বিবৃতিতে উঠে আসা বিষয়ের ওপর আলোচনা করতে আজ প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ। তাঁর এক সহযোগী এ তথ্য জানিয়েছেন।
উইকিলিকসের দাবি, ওই তিন প্রেসিডেন্ট ছাড়াও ফরাসি মন্ত্রিসভার সদস্য ও যুক্তরাষ্ট্রে ফরাসি রাষ্ট্রদূতের যোগাযোগের ওপর এনএসএর সরাসরি নজরদারি থেকে ওই সব নথি পাওয়া গেছে।
উইকিলিকসের প্রকাশ করা এ-সংক্রান্ত নথি ফ্রান্সের পত্রিকা লিবারেশন ও অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট প্রকাশ করছে।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এক বিবৃতিতে বলেন, ‘ফরাসি জনগণের জানার অধিকার আছে, তাদের নির্বাচিত সরকার কথিত এক মিত্রের বৈরী নজরদারির শিকার।’

এ বিষয়ে শিগগিরই আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হবে বলে জানিয়েছেন অ্যাসাঞ্জ।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ওপর এনএসএ নজরদারি করেছে বলে ২০১৩ সালে অভিযোগ ওঠে। তখন এ নিয়ে তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র।