ফ্রান্সের নির্বাচনের প্রার্থীরা

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন ১১ জন প্রার্থী। বিশ্লেষকদের চোখে ও সর্বশেষ জনমত জরিপে এ দৌড়ে এগিয়ে রয়েছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন মারি লো পেন, ইমানুয়েল ম্যাখঁ, ফ্রাসোঁয়া ফিলোঁ ও জ্যঁ-লুক মিলনশঁ।
শীর্ষ প্রার্থীদের সম্পর্কে কিছু তথ্য
মারি লো পেন
কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতা মারি লো পেন ইইউ বিরোধী ও অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত। ২০১১ সালে দলের নেতা মনোনীত হন তিনি। এফএন একসময় নিছক একটি প্রান্তিক দল থাকলেও ইউরোপজুড়ে অভিবাসনবিরোধিতার জোয়ারের ধারাবাহিকতায় তারা ধীরে ধীরে ভোট বাড়িয়ে বড় দলগুলোর মাথাব্যথা হয়ে উঠেছে। সর্বশেষ জনমত জরিপ বলছে, ৪৮ বছর বয়সী লো পেন নির্বাচনের প্রথম দফায় যথেষ্ট ভোট অর্জন করতে না পারলেও আগামী ৭ মের দ্বিতীয় দফার ভোটে প্রধান দুই প্রার্থীর একজন থাকবেন।
ইমানুয়েল ম্যাখঁ
সাম্প্রতিক জনমত জরিপগুলো অনুযায়ী, সাবেক এই ইনভেস্টমেন্ট ব্যাংকার নির্বাচনী দৌড়ে লো পেনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন। ৩৯ বছর বয়সী ইমানুয়েল ম্যাখঁ এর আগে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের উপদেষ্টা এবং পরে তাঁর সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর তিনি সরকারের পদ থেকে ইস্তফা দিয়ে নিজের মধ্যপন্থী সংগঠন ‘অন দ্য মুভ’ প্রতিষ্ঠা করেন।
ফ্রাসোঁয়া ফিলোঁ
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ফ্রাঁসোয়া ফিলোঁ। চলতি বছরের শুরুতেও ধারণা করা হচ্ছিল, তিনিই ওলাঁদের উত্তরসূরি নির্বাচিত হতে চলেছেন। কিন্তু গত জানুয়ারি মাস থেকে একের পর এক কেলেঙ্কারি তাঁকে প্রায় ধরাশায়ী অবস্থায় নিয়ে গেছে। ফিলোঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় স্ত্রীকে পার্লামেন্টারি সহকারী নিয়োগ করে তিনি সরকারের তহবিল থেকে লাখো ইউরো বেতন দিলেও তাঁর স্ত্রী কোনো কাজ করেননি।
জ্যঁ-লুক মিলনশঁ
কমিউনিস্ট-সমর্থিত মিলনশঁ বর্তমান প্রেসিডেন্টের কড়া সমালোচকদের একজন। তাঁর দাবি, ফ্রান্সকে ধরে রাখতে হলে ইইউ কর্তৃপক্ষকে এ জোট পুনর্গঠন করতে হবে। সেই সঙ্গে তিনি দেশের প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থা বিলোপ করে সংসদীয় গণতন্ত্র প্রচলনের পক্ষপাতী।
প্রধান এই চার প্রার্থী ছাড়া নির্বাচনের দৌড়ে আরও আছেন বেনিয়া আমু, ফিলিপ পুতু, নিকোলা দিপু-এইনা, ফ্রাসোঁয়া আসুলিনো, জ্যাক শিমিনাদ, নাতালি আখতুদ ও জ্যঁ লাসাল।