ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে বড় জয়ের পথে ম্যাখোঁর দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের জনগণ দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর মধ্যপন্থী রাজনৈতিক দলকে পার্লামেন্ট নির্বাচনে বড় জয়ের পথে এগিয়ে দিয়েছে। তবে প্রথম দফায় ভোটার উপস্থিতি কম হওয়ায় গতকাল সোমবার কিছুটা উদ্বেগ দেখা দেয়।

রাজনীতিতে তুলনামূলক নবীন ম্যাখোঁর দল ‘রেপুবলিক অঁ মার্শ’ ও তাদের সহযোগী দল ‘মুভমঁ দেমোক্রাত’ মিলে ৫৭৭ আসনের পার্লামেন্টে ৪০০ থেকে ৪৪৫টি আসন পেতে পারে। দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামী রোববার সম্পন্ন হবে। সদ্য সাবেক শাসক দল সমাজতন্ত্রীরা ২০০টি আসনে পরাজিত হতে চলেছে।

পুরোনো রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফা ভোট গ্রহণের সময় ম্যাখোঁর বিরোধী প্রার্থীদের বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছে। তাদের আশঙ্কা, পার্লামেন্ট নির্বাচনে বড় সংখ্যাগরিষ্ঠতা পেলে ম্যাখোঁ একচেটিয়া ক্ষমতার অধিকারী হয়ে যাবেন।

ম্যাখোঁর দলটির বয়স এক বছরের সামান্য বেশি। এবারের নির্বাচনে দলটির প্রার্থীদের অনেকে রাজনৈতিক অভিজ্ঞতা সামান্য বা একেবারেই নেই। চূড়ান্ত ফলাফল আগামী রোববার দ্বিতীয় দফা ভোটের পরই জানা যাবে। প্রথম দফায় এ পর্যন্ত ব্যালট গণনা শেষে মাখোঁর দল এবং সহযোগী দল মিলে ৩২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছে। মধ্য-ডানপন্থী রিপাবলিকানরা ২১ দশমিক ৫ শতাংশ, কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট (এফএন) ১৩ দশমিক ২ শতাংশ এবং কট্টর-বামপন্থী একটি দল ১১ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েছে। আর সমাজতন্ত্রীরা মাত্র ৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে।

প্রথম দফা ভোট গ্রহণে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৪৮ দশমিক ৭ শতাংশ। ২০১২ সালের নির্বাচনে প্রথম দফার ভোটে ৫৭ দশমিক ২ শতাংশ ভোট পড়েছিল।