ফ্রান্সের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের নিস শহরের সৈকতঘেঁষা চত্বর প্রমনাদ দে অংলের এই অংশেই বৃহস্পতিবার রাতে ট্রাক চালিয়ে হত্যাযজ্ঞ ঘটায় এক হামলাকারী। ধ্বংসের চিহ্ন হিসেবে গতকাল ভোরে সেখানে নানা ধরনের জঞ্জাল পড়ে থাকতে দেখা যায় l রয়টার্স
ফ্রান্সের নিস শহরের সৈকতঘেঁষা চত্বর প্রমনাদ দে অংলের এই অংশেই বৃহস্পতিবার রাতে ট্রাক চালিয়ে হত্যাযজ্ঞ ঘটায় এক হামলাকারী। ধ্বংসের চিহ্ন হিসেবে গতকাল ভোরে সেখানে নানা ধরনের জঞ্জাল পড়ে থাকতে দেখা যায় l রয়টার্স

ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বনেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। হামলার ধকল সামলে সন্ত্রাস মোকাবিলা করতে ফ্রান্সের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তাঁরা। অনেকে ফ্রান্সকে ‘যা কিছু সহায়তা দরকার’ তা দেওয়া হবে বলেও জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে এ ঘটনাকে ‘ভয়ানক সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। ওবামা বলেন, ‘সন্ত্রাসী হামলা মোকাবিলা এবং এই সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের পুরোনো বন্ধু দেশ ফ্রান্সের সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করছি।’

ঘটনার দিন সকালে ফ্রান্সের জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সের যা কিছু সহায়তা দরকার তার সবই যুক্তরাষ্ট্র দেবে।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর অনুভূতিকে ‘ভাষায় প্রকাশ করা কঠিন’ উল্লেখ করে সন্ত্রাসবিরোধী যুদ্ধে ফ্রান্সের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মের একজন মুখপাত্র বলেছেন, তাঁরা এ ঘটনায় ‘উদ্বিগ্ন’ ও ‘মর্মাহত’।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ফ্রান্সের এই ‘কঠিন দিনে’ তার পাশে রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বলেছেন, ‘ফরাসি জনগণের প্রতি আমাদের সহমর্মিতা থাকবে।’

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক দিনটিকে ফ্রান্স এবং ইউরোপের জন্য ‘দুঃখের দিন’ বলে আখ্যায়িত করেছেন।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘটনায় হতাহত ব্যক্তিদের স্বজনদের ‘সান্ত্বনা’ জানিয়ে বলেন, চীন সব সময়ই সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে।

এ ছাড়া নিরাপত্তা পরিষদ ও ভ্যাটিকানও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

 মুসলিম বিশ্বের নিন্দা: উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতারাও নিসে হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক ও ওমানসহ আরব দেশগুলো এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করেছে। মিসরের গ্র্যান্ড মুফতি শাওকি আল্লাম হামলাকারীকে ‘উগ্রপন্থী’ এবং ‘শয়তানের অনুসারী’ বলে আখ্যায়িত করেছেন।

উপসাগরীয় ছয় দেশের সংগঠন উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব আবদুল্লতিফ আল জায়ানি বলেছেন, ‘নৈতিক ও মানবিক মূল্যবোধবিবর্জিত’ এই হামলার ঘটনায় তাঁর সংগঠন ফ্রান্সের পাশে রয়েছে।