ফ্রান্সের রেস্তোরাঁয় আগুন লেগে ১৩ তরুণের মৃত্যু
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় রোয়াঁ শহরের একটি রেস্তোরাঁয় শুক্রবার মধ্যরাতে জন্মদিনের পার্টির সময় আগুন লেগে অন্তত ১৩ তরুণ-যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ছয় ব্যক্তি আহতও হয়েছেন। কেকের ওপর রাখা মোমবাতি থেকে ওই আগুন লাগে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, আগুনের ঘটনাটি কোনো বিস্ফোরণজনিত বা সন্ত্রাসী হামলা নয়। কুবা লিব্র নামের রেস্তোরাঁর পানশালার ছাদের প্লাস্টিক জাতীয় উপাদানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পলিস্টিরিনের টাইলস পুড়ে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হলে উপস্থিত লোকজন শ্বাসরুদ্ধ হয়ে পড়েন।
হতাহত ব্যক্তিদের অধিকাংশের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত তথ্য এখনো মেলেনি। তবে পলিস্টিরিন বা এ ধরনের দাহ্য উপাদান দিয়ে ভবন তৈরি করা নিয়ে সমালোচনা রয়েছে। রুমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নৈশক্লাবে গত বছর আগুন লেগে ২৭ জন নিহত হয়েছিলেন। এ ছাড়া ব্রাজিলের সান্তা মারিয়ার একটি ক্লাবেও ২০১৩ সালে অগ্নিকাণ্ডে ২৪১ জন প্রাণ হারান। সে ঘটনায়ও ছাদ তৈরিতে ব্যবহৃত উপাদান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় অনেকের শ্বাসরুদ্ধ অবস্থা হয়েছিল।