ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেলেন জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অব অনারে ভূষিত করা হয়েছে। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মান দেওয়া হয়।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ত এহু অনুষ্ঠানে জন কেরিকে ‘শান্তির অক্লান্ত সৈনিক’ হিসেবে অভিহিত করেন।
২০০৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশের বিরুদ্ধে ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন জন কেরি। ওই নির্বাচনের প্রচারণা চলার সময় ফরাসি ঐতিহ্য ও দেশটির প্রতি ভালো লাগা থাকার কারণে প্রতিপক্ষের সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঐতিহাসিক জলবায়ু চুক্তি, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি এবং সিরিয়ায় যুদ্ধের অবসানের প্রচেষ্টায় কেরির অবদানের কথা উল্লেখ করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী রাজনীতি ও কূটনীতিতে তাঁর আন্তরিকতার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় ফ্রান্সকে যুক্তরাষ্ট্রের ‘পুরোনো বন্ধু’ উল্লেখ করে ফরাসি ভাষায় জন কেরি বলেন, ‘দীর্ঘজীবী হোক ফ্রেঞ্চ ফ্রাই, দীর্ঘজীবী হোক ফ্রান্স, দীর্ঘজীবী হোক যুক্তরাষ্ট্র।’