ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেলেন সেই চারজন
ট্রেনে সন্ত্রাসী হামলা রুখে দেওয়ার পুরস্কার হিসেবে ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান ‘লেজিয়ঁ দ্য’নার’ পেলেন ওই ট্রেনের যাত্রী তিন মার্কিন এবং এক ব্রিটিশ নাগরিক। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল সোমবার এই পুরস্কার তুলে দেন চারজনকে। খবর বিবিসির।
গত শুক্রবার আমস্টারডাম থেকে প্যারিসগামী ফ্রান্সের হাইস্পিড ট্রেন সার্ভিস থালিসে হামলার চেষ্টার সময় আইয়ুব আল-খাজানি নামের মরক্কোর নাগরিককে ধরে ফেলেন ওই চারজন। ফ্রান্সের উত্তরাঞ্চলের অ্যারাঁসের কাছে চলন্ত ট্রেনে টয়লেটে গিয়ে অস্ত্র লোড করার সময় ধরা পড়েন খাজানি। গত বছর তিনি সিরিয়া থেকে ফেরেন। ভন্ডুল হয়ে যাওয়া ওই হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা আছে বলে মনে করছেন ফরাসি গোয়েন্দারা।
গতকাল ফ্রান্সের এলিসি প্রাসাদে হামলা রুখে দেওয়া মার্কিন নাগরিক স্পেনসার স্টোন, অ্যালেক স্কারলাটোস, অ্যান্টনি স্যাডলার এবং ব্রিটিশ নাগরিক ক্রিস নরম্যানকে লেজিয়ঁ দ্য’নার পুরস্কার দেওয়া হয়। ওলাঁদ চারজনের বুকে এই পদক লাগিয়ে দেন। পদক দেওয়ার আগে ভাষণে ওলাঁদ বলেন, ‘চারজনের সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই। এই সাহসিকতার কারণেই অনেক জীবন রক্ষা হয়েছে।’
ওলাঁদ বলেন, ওই সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল। যেকোনো ভয়াবহ অবস্থা সৃষ্টির জন্য প্রয়োজনীয় অস্ত্র তার কাছে ছিল।