ফ্লাইট ছাড়ার পর আচমকা অতিরিক্ত যাত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুটিকে কোলে নিয়ে ছবির জন্য দাঁড়িয়ে গেলেন তাঁরা। ছবি: টার্কিশ এয়ারলাইনস
শিশুটিকে কোলে নিয়ে ছবির জন্য দাঁড়িয়ে গেলেন তাঁরা। ছবি: টার্কিশ এয়ারলাইনস

টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট গিনির রাজধানী কোনাক্রি থেকে ওগাদুগো হয়ে তুরস্ক যাচ্ছিল। নির্ধারিত যাত্রী নিয়ে ফ্লাইটটি আকাশে ওড়ে। কিন্তু যখন উড়োজাহাজটি অবতরণ করল, তখন একজন যাত্রী বেশি। তবে সেই যাত্রীকে কোনো ভাড়া গুনতে হয়নি বরং তাকে পেয়ে সবাই বেশ খুশি। সবাই তাকে অভ্যর্থনা জানান। এই অতিরিক্ত যাত্রী আর কেউ নয়, উড়োজাহাজে জন্ম নেওয়া এক শিশু।

দ্য টেলিগ্রাফ জানায়, উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নাফি ডিয়াবে নামের এক নারী যাত্রীর প্রসববেদনা ওঠে। উড়োজাহাজটি তখন মাটি থেকে ৪২ হাজার ফুট ওপরে। দ্রুত তাঁকে সহায়তায় এগিয়ে আসেন কেবিন ক্রু ও যাত্রীরা। সেখানেই জন্ম নেয় এক কন্যাশিশু। তার নাম রাখা হয়েছে কাদিজু। মা-মেয়ে দুজনই ভালো আছেন। উড়োজাহাজটি আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওগাদুগোতে অবতরণ করার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিমান ক্রুর কোলে সদ্য জন্ম নেওয়া ফুটফুটে শিশুটি। ছবি: টার্কিশ এয়ারলাইনস
বিমান ক্রুর কোলে সদ্য জন্ম নেওয়া ফুটফুটে শিশুটি। ছবি: টার্কিশ এয়ারলাইনস

টার্কিশ এয়ারলাইনস এক বিবৃতিতে বলেন, নাফি ডিয়াবে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। যাত্রী ও কেবিন ক্রুদের সহায়তায় তিনি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।

বেশির ভাগ এয়ারলাইনস ৩৬ সপ্তাহ পর্যন্ত অন্তঃসত্ত্বা মায়েদের ভ্রমণ অনুমোদন করে থাকে। ২৮ সপ্তাহ হলেই তাঁদের চিকিৎসকের অনুমতিপত্র দেখাতে হয়। টার্কিশ এয়ারলাইনস অবশ্য ২৮ সপ্তাহ পর্যন্ত অন্তঃসত্ত্বা নারীদের ভ্রমণের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতিপত্র ছাড়াই দিয়ে থাকে। তবে ২৮ সপ্তাহ পেরিয়ে গেলেই ভ্রমণের জন্য চিকিৎসকের অনুমতিপত্র থাকতে হবে।

তবে এবারই প্রথম উড়োজাহাজে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটেনি। এ ধরনের জরুরি পরিস্থিতি সামাল দিতে ফ্লাইট ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

সদ্যোজাত শিশুটিকে নিয়ে হাস্যোজ্জ্বল বিমান ক্রুরা। ছবি: টার্কিশ এয়ারলাইনস
সদ্যোজাত শিশুটিকে নিয়ে হাস্যোজ্জ্বল বিমান ক্রুরা। ছবি: টার্কিশ এয়ারলাইনস

এখন মজার বিতর্কের বিষয় হলো এই শিশুটির জন্মস্থান ও জাতীয়তা কী হবে? শিশুটি তার মায়ের সূত্রে জাতীয়তা পেতে পারে অথবা সেই সময় উড়োজাহাজটি যে দেশের আকাশসীমায় ছিল, সে দেশের হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে জাতিসংঘ নিয়ম অনুযায়ী, উড়োজাহাজটি যে দেশের, শিশুটি সে দেশের নাগরিক হতে পারে। এ ক্ষেত্র শিশুটি তুরস্কের নাগরিক হতে পারে। তবে বিষয়টি সে দেশের মাটিতে জন্ম নেওয়া শিশুদের জন্য তাদের জাতীয়তা আইন কেমন, তার ওপর নির্ভর করবে।