করোনাভাইরাসের (কোভিড–১৯) প্রাদুর্ভাবের প্রায় এক বছর পর এটি পরিষ্কার যে এই বৈশ্বিক মহামারি মৌসুমি ফ্লুর চেয়ে বেশি খারাপ। আজ শুক্রবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ কথা জানিয়ে বলা হয়, ফ্লুর চেয়ে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর হার তিন গুণ বেশি। এএফপির খবর।
গবেষণায় ফ্রান্সের জাতীয় তথ্য–উপাত্ত ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিনে’। প্রতিবেদনটিতে কোভিড–১৯–এ আক্রান্ত রোগীদের অসুস্থতার ক্রমবর্ধমান তীব্রতার দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে।
ইনফ্লুয়েঞ্জার রোগীর চেয়ে বেশি করোনা রোগীর নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়েছে। তুলনামূলক এই হার করোনায় ১৬.৩ শতাংশ ও ইনফ্লুয়েঞ্জায় ১০.৮ শতাংশ। আবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁদের অবস্থানকালের ব্যবধানও ছিল প্রায় দ্বিগুণ। আইসিইউতে করোনা রোগীদের থাকতে হয়েছে গড়ে ১৫ দিন। সেখানে ইনফ্লুয়েঞ্জার রোগীদের থাকতে হয় ৮ দিন।
গবেষকেরা চলতি বছরের মার্চ ও এপ্রিলে হাসপাতালে ভর্তি হওয়া ৮৯ হাজার ৫৩০ করোনা রোগীর সঙ্গে ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মৌসুমি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের তুলনা করে তথ্য–উপাত্ত সংগ্রহ করেছেন। গবেষণাকালীন কোভিড রোগীদের ১৬.৯ শতাংশ মারা যান। ওই সময় ইউরোপজুড়ে করোনার প্রথম ঢেউ ভীষণ প্রাণঘাতী হয়ে ছড়িয়ে পড়ে। তখন করোনার জটিল রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতায় ছিলেন চিকিৎসাকর্মীরা।
একই সময়ে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীদের মৃত্যুর হার ছিল ৫.৮ শতাংশ।
গবেষণায় যৌথভাবে নেতৃত্ব দেন ফ্রান্সের ডিজন শহরের ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ক্যাথেরিন কুয়ান্টিন ও দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট ‘আইএনএসইআরএম’। ক্যাথেরিন কুয়ান্টিন বলেন, করোনা ও ইনফ্লুয়েঞ্জায় মৃত্যুর হারের এই পার্থক্য বিশেষভাবে লক্ষণীয়। ইনফ্লুয়েঞ্জায় ২০১৮–২০১৯ সালের যে সময়ের মৃত্যুর হারকে গবেষণায় বিবেচনায় নেওয়া হয়েছে, ফ্রান্সে সেটি ছিল বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ফ্লুর মৌসুম।
গবেষণা প্রতিবেদনের রচয়িতারা বলেন, ওই সময়ে ইনফ্লুয়েঞ্জার রোগীর দ্বিগুণ করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। তবে তাঁরা এ–ও বলেন, ইতিপূর্বে টিকা নেওয়ার কারণে ইনফ্লুয়েঞ্জায় হাসপাতালে রোগী ভর্তির হার এ রকম কম হয়ে থাকতে পারে।
গবেষকেরা দেখেন, ইনফ্লুয়েঞ্জার রোগীর চেয়ে বেশি করোনা রোগীর নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়েছে। তুলনামূলক এই হার করোনায় ১৬.৩ শতাংশ ও ইনফ্লুয়েঞ্জায় ১০.৮ শতাংশ। আবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁদের অবস্থানকালের ব্যবধানও ছিল প্রায় দ্বিগুণ। আইসিইউতে করোনা রোগীদের থাকতে হয়েছে গড়ে ১৫ দিন। সেখানে ইনফ্লুয়েঞ্জার রোগীদের থাকতে হয় ৮ দিন।
প্রতিবেদনে বলা হয়, কোভিড–১৯–এ ১৮ বছরের কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির হার ছিল একই বয়সী ইনফ্লুয়েঞ্জার রোগীর চেয়ে বেশ কম। এই হার ছিল যথাক্রমে ১.৪ শতাংশ ও ১৯.৫ শতাংশ।