বছরের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাঙ্গেলা মেরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এর আগে তিনি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন। ছবি: এএফপি
এ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এর আগে তিনি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন। ছবি: এএফপি

এ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। শরণার্থী সংকট ও গ্রিসের ঋণ সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা তাঁকেই এ খেতাবের জন্য বেছে নিয়েছেন।
বছরের প্রভাবশালী ব্যক্তিত্ব বেছে নিতে ভোটাভুটির আয়োজন করে এএফপি। বার্তা সংস্থাটির সব সেবা ও ভাষার সম্পাদকীয় কর্মীরা এতে অংশ নেন। ভোটাভুটিতে অংশ নেওয়া বেশির ভাগ কর্মী এ বছর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অ্যাঙ্গেলা মেরকেলকে পছন্দ করেছেন। তাঁদের বাছাইয়ে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বছর অবশ্য তিনিই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। এবার এই তালিকার তৃতীয় স্থানে আছেন পোপ ফ্রান্সিস।
তালিকায় থাকা অন্যদের মধ্যে আছেন জঙ্গি সংগঠন আইএসের নেতা আবু বকর আল-বাগদাদী, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক দলের মনোনয়ন-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, ফিফার বহিষ্কৃত সেপ ব্লাটার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রমুখ।
এর আগে অ্যাঙ্গেলা মেরকেল এবার টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন। ইউরোপে ঋণ সংকট এবং শরণার্থী ও অভিবাসী সমস্যা মোকাবিলা, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালনের কারণে তাঁকে টাইম এ স্বীকৃতি দেয়।
এ বছরের মাঝামাঝি সময়ে এসে উন্নত বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ঋণখেলাপি হয়ে যায় গ্রিস। শেষ সময়ে এসে গ্রিস সরকার আর্থিক পুনরুদ্ধারে (বেলআউট) নতুন চুক্তির অনুরোধ জানায়, যাতে দেশটি নতুন করে দুই বছরের জন্য প্রায় তিন হাজার কোটি ইউরো পেতে পারে। তবে ইউরোজোনের অর্থমন্ত্রীরা গ্রিসের প্রস্তাবটি নাকচ করে দেন। এরপর গ্রিস ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে কি থাকবে না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়। এ সংকট কাটাতে এগিয়ে আসেন মেরকেল। দফায় দফায় ইইউর নেতাদের সঙ্গে বৈঠক করে ইইউ থেকে গ্রিসের বেরিয়ে যাওয়া ঠেকান তিনি।

সিরিয়ায় গৃহযুদ্ধের ফলে সৃষ্ট শরণার্থী-সংকটে আবার ত্রাতার ভূমিকায় হাজির হন মেরকেল। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধরত বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর বাশারের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। এই দ্বন্দ্বে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ মানুষকে শরণার্থীর জীবন বেছে নিতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তুরস্ক-গ্রিস পার হয়ে ইউরোপের দেশগুলোতে ঠাঁই পাওয়ার অপেক্ষায় থাকে হাজার হাজার মানুষ। এভাবে শরণার্থী হিসেবে ইউরোপে যাওয়ার পথে সাগরে ডুবে মারা যায় শিশু আয়লান কুর্দি। সৈকতে পড়ে থাকা আয়লানের নিথর দেহ বিশ্ব বিবেকে নাড়া দেয় প্রচণ্ডভাবে। ইউরোপের অনেক দেশ শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দেয়। আবার শরণার্থীদের ঠাঁই না দেওয়ার পক্ষেও অনেকে অবস্থান নেয়। মেরকেল এই মানবিক সংকটে তাঁর দেশে শরণার্থীদের স্বাগত জানান।

এক ভিন্ন মতাবলম্বী যাজকের সন্তান অ্যাঙ্গেলা মেরকেল। বর্তমানে ৬১ বছর বয়সী মেরকেল গত ১০ বছর ধরে ক্ষমতায় আছেন। এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল নারীও। তাঁর পড়াশোনা পদার্থবিজ্ঞানে, তবে পিএইচডি ডিগ্রিটা অর্জন করেছেন কোয়ান্টাম রসায়নে।