বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ায় স্ত্রীকে গুলি করে হত্যা!
সার্বিয়ায় রেস্তোরাঁয় গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ায় স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। এ সময় ওই ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে রেস্তোরাঁর আরও চারজন অতিথি নিহত হন।
সার্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটানো হয়। পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২০ জন। বন্দুকধারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জ্রেনজানিন শহরে অবস্থিত রেস্তোরাঁয় ওই হামলা চালানো হয়। হামলাকারীর মূল উদ্দেশ্য কি ছিল, তা বোঝার চেষ্টা করা হচ্ছে।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ভেতোজার মানোজলোভিক নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই বন্দুকধারী রেস্তোরাঁয় ঢুকে তাঁর স্ত্রীকে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিতে দেখেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বাসায় ফিরে যান। পরে বন্দুক নিয়ে আবার রেস্তোরাঁয় ঢুকে এই হত্যাযজ্ঞ চালান।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবোজসা স্টেফেনোভিক জানান, রেস্তোরাঁয় থাকা লোকজন একপর্যায়ে ওই ব্যক্তির কাছ থেকে বন্দুক কেড়ে নিতে সক্ষম হন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।