বব ডিলান 'অশিষ্ট ও উদ্ধত'!

সাহিত্যে এ বছরের নোবেলজয়ী হিসেবে নাম ঘোষণার পর থেকে এ বিষয়ে পুরোপুরি নীরব থাকায় বিখ্যাত মার্কিন গীতিকার ও গায়ক বব ডিলানকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এবার এই দলে যোগ দিয়েছেন খোদ সুইডিশ একাডেমির সদস্য ও লেখক পার ওয়াস্টবার্গ। নোবেলজয়ীর এই আচরণকে তিনি ‘শিষ্টাচারহীনতা ও ঔদ্ধত্য’ বলে অভিহিত করেছেন।
সুইডেনের এসভিটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুইডেনের নোবেল কমিটির সদস্য পার ওয়াস্টবার্গ বলেন, ‘এটা অশিষ্ট ও উদ্ধত আচরণ।’
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর আজ শনিবারের খবরে বলা হয়েছে, ১৩ অক্টোবর বব ডিলানকে সাহিত্যে এবারের নোবেলজয়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়। তিনি এ ব্যাপারে তাঁর কোনো প্রতিক্রিয়া জানাননি। লাস ভেগাসে তাঁর একটি কনসার্ট ছিল। সবাই ধারণা করেছিলেন, ওই অনুষ্ঠানে তিনি হয়তো নোবেলপ্রাপ্তির অনুভূতি জানাবেন। তবে সবাইকে হতাশ হতে হয়েছে। কারণ, তিনি ওই কনসার্টে হাজির হয়ে নিজের মতো গান গেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। নোবেলের ব্যাপারে কুলুপ এঁটে ছিলেন।
প্রতিবছরের ১০ ডিসেম্বর শান্তিতে নোবেলজয়ী ছাড়া অন্য নোবেলজয়ীরা আমন্ত্রিত হয়ে সুইডেনের রাজধানী স্টকহোমে রাজা ষোড়শ কার্লের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। উপস্থিত সুধীদের উদ্দেশে তাঁরা বক্তব্য দেন। সেই আয়োজনে বব ডিলান হাজির হবেন কি না, তা এখনো নোবেল একাডেমি তাঁর কাছ থেকে নিশ্চিত হতে পারেনি। এটাকে ‘নজিরবিহীন’ ঘটনা বলে মন্তব্য করেন পার ওয়াস্টবার্গ। আর শান্তিতে নোবেলজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে।
১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন আলবার্ট আইনস্টাইন। ১৯৬৪ সালে ফরাসি লেখক ও দার্শনিক জ্যঁ পল সাত্রে সাহিত্যে পাওয়া নোবেল প্রত্যাখ্যান করেছিলেন।
বব ডিলানের প্রকৃত নাম রবার্ট আলেন জিমারম্যান। যুক্তরাষ্ট্রের মিনেসোটার ডুলুথ এলাকায় ১৯৪১ সালে জন্ম তাঁর। জন্মের পর পরিবার ওই লম্বা নামটিই রেখেছিল। বড় হয়ে সংগীতজগতে প্রবেশের পর নিজের নাম বদলে ফেলেন তিনি। আত্মজীবনীতে বব ডিলান লিখেছেন, তাঁর দাদা-দাদি জিগম্যান ও আনা জিমারম্যান ১৯০৫ সালে ইহুদিবিরোধী নির্যাতনের কারণে বর্তমান ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আর নানা-নানি বেন ও ফ্লোরেন্স স্টোন লিথুয়ানিয়া থেকে ১৯০২ সালে যুক্তরাষ্ট্রে যান।
সংগীতজগতে বব ডিলানের প্রবেশ মাত্র ১০ বছর বয়সে। ওই বয়সেই তিনি কবিতা লেখায় এবং পিয়ানো আর গিটার বাজানোয় হাত পাকিয়ে ফেলেন। তরুণ বব ডিলান ১৯৫৯ সালে ভর্তি হন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। এই সময়টাতেই তিনি ‘বব ডিলান’ নাম নেন। বিশ্ববিদ্যালয়ের পড়া অসমাপ্ত রেখেই ১৯৬০ সালে তিনি ভাগ্যের সন্ধানে নিউইয়র্ক পাড়ি জমান। তাঁর গানে উঠে আসে যুদ্ধ, বর্ণবাদ এবং নানা সামাজিক অসংগতির কথা। তিনি খ্যাতি পেয়ে যান ‘নিজ প্রজন্মের মুখপাত্র’ হিসেবে।
৭৫ বছর বয়সী এই সংগীতশিল্পী জীবনভর সাহিত্য ও সংগীতের মিশ্রণ ঘটানোর পরীক্ষা চালিয়েছেন। নোবেল পুরস্কারও জিতেছেন তিনি এ কারণে। মার্কিন সংগীতে নতুন কাব্যিক ধারা সৃষ্টির কারণে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।