বরিস জনসন এখন কী করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন
ছবি: রয়টার্স

মন্ত্রিসভা ও দল থেকে গণপদত্যাগ। একে একে সমর্থন তুলে নিচ্ছেন জ্যেষ্ঠ নেতারা। ঘনিষ্ঠজনেরাও বলছেন সরে যেতে। বিক্ষুব্ধরা অনাস্থা ভোটের প্রস্তুতি নিচ্ছেন। এরপরও ক্ষমতা ছাড়তে নারাজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সাফ জানিয়ে দিলেন, তিনি ক্ষমতা আঁকড়ে থাকবেন। খবর বিবিসির।

তবে আগের যেকোনো সময়ের চেয়ে প্রধানমন্ত্রী হিসেবে বরিসের ভবিষ্যৎ ঘোর অনিশ্চয়তায় পড়েছে। কয়েক মাসের নিরবচ্ছিন্ন রাজনৈতিক অস্থিরতা গত মঙ্গলবার ব্যাপকতর হয়। এদিন মাত্র ১০ মিনিটের ব্যবধানে অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন। একজন কনজারভেটিভ পার্লামেন্ট সদস্যের (এমপি) বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ প্রধানমন্ত্রী আমলে না নেওয়ায় ঘটনার সূত্রপাত্র হয়।

এরপর জুনিয়র মন্ত্রী ও এমপিদের পদত্যাগ ও অনাস্থা জানানোর হিড়িক শুরু হয়। গতকাল বুধবার রীতিমতো পদত্যাগের বন্যা বয়ে যায়। চলে গভীর রাত পর্যন্ত।

এদিন সন্ধ্যায় জ্যেষ্ঠ মন্ত্রীদের একটি দল ডাউনিং স্ট্রিটে যান প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করাতে।

তবে এখন পর্যন্ত বরিস অনড়। গত নির্বাচনে ভোটারদের ‘বিপুল ম্যান্ডেট’ পাওয়ায় তাঁর পদত্যাগের কোনো ইচ্ছা নেই বলে জানান। বরিসের মন্ত্রিসভার মিত্র জ্যাকব রিস–মগ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিকে ‘চেঁচামেচি’ বলে নাকচ করে দিয়েছেন।

পদত্যাগ করতে বলায় মন্ত্রীকে বহিষ্কার

বরিস তাঁর সামলোচকদের লক্ষ্যবস্তু করেছেন। সবাইকে স্তম্ভিত করে দিয়ে মন্ত্রী (লেভেলিং আপ) মাইকেল গভকে বহিষ্কার করেছেন প্রধানমন্ত্রী। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র তাঁকে ‘সাপ’ আখ্যা দিয়ে বলেছে, ওই ব্যক্তি আনন্দের সঙ্গে সংবাদমাধ্যমকে ব্রিফ করছেন যে তিনি নেতাকে সরে যেতে বলেছেন।

ব্রেক্সিট প্রচারণায় বরিসের মিত্র ছিলেন গভ। কিন্তু টরির নেতৃত্ব পেতে বরিসের প্রথম প্রচেষ্টা ভেস্তে দিয়েছিলেন তিনিই। দিনের শুরুতে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান গভ।

গতকাল সন্ধ্যায় গভকে বহিষ্কার করা হয়। এর আগে ৪০ জন মন্ত্রী ও সহযোগী পদত্যাগ করেন, যা ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক। এমনকি গভীর রাত পর্যন্ত পদত্যাগ অব্যাহত থাকে। ওয়েলশ মন্ত্রী সিমন হার্ট রাত ১১টার দিকে পদত্যাগ করেন।

হার্ট বলেন, তাঁর আর কোনো বিকল্প ছিল না। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে নিজের অবস্থান থেকে সরে আসতে সাহায্য করতে সহকর্মীরা গোপনে ও প্রকাশ্যে তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু দুঃখের বিষয়, মনে হচ্ছে যে পর্যায়ে এটা সম্ভব ছিল, আমরা তা পার হয়ে চলে এসেছি।’

বরিস পদত্যাগ করবেন, নাকি নির্বাচন দেবেন

গতকাল হাউস অব কমনসের অধিবেশনে যোগ দিয়ে এমপিদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। এ সময় এই ঝড় সামাল দেওয়ার বিষয় তাঁকে দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছিল।

একজন কনজারভেটিভ এমপি জানতে চান, এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবেন কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি ক্ষমতা আঁকড়ে ধরে থাকবেন।

বরিস বলেন, ‘সংকোচ ছাড়াই যদি বলি, যখন আপনাকে বিপুল ম্যান্ডেট দেওয়া হয়, তখন কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাজ হলো দায়িত্ব চালিয়ে যাওয়া। আর আমি সেই কাজটাই করতে যাচ্ছি।’ ২০১৯ সালের নির্বাচনে বিপুল বিজয়ের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বিবিসির পলিটিক্যাল এডিটর ক্রিস মেসন বলেন, বরিসের যে কর্তৃত্ব হাতছাড়া হচ্ছে, সেটা টের পাওয়া যাচ্ছে। তিনি যখন পার্লামেন্ট থেকে বের হচ্ছিলেন, তখন বিরোধী লেবার এমপিরা ‘বাই বাই’ বলে তাঁকে ঠাট্টা করছিলেন।

মন্ত্রিসভার কয়েকজন সদস্যের পাশাপাশি জ্যেষ্ঠরাও এখন বরিসকে পদত্যাগ করতে বলছেন। তাঁদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও অর্থমন্ত্রী নাদিম জাহাবি। তিনি মঙ্গলবার ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হন।

আগামী সপ্তাহের শুরুর দিকেই দ্বিতীয়বারের মতো আস্থা ভোটেরও মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী। নেতৃস্থানীয় এমপিরা তাঁকে বলে দিয়েছেন, এ জন্য তাঁরা কনজারভেটিভ পার্টির বিধানে পরিবর্তন আনবেন।

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বরিস আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়ে তাঁর অবস্থানকে শক্তিশালী করতে চাইতে পারেন।

তবে ইউগভের মঙ্গলবার চালানো এক জরিপে দেখা যায়, ৬৯ শতাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন, বরিসের পদত্যাগ করা উচিত। এমনকি অর্ধেকের বেশি কনজারভেটিভ ভোটারও মনে করেন, তাঁর চলে যাওয়া উচিত।

তাই একটি মধ্যবর্তী সাধারণ নির্বাচনও বরিসের জন্য ঝুঁকিপূর্ণ হবে।

আরও পড়ুন