বরিসের পার্টি আয়োজন ‘নেতৃত্বের ব্যর্থতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিস জনসন
ফাইল ছবি: রয়টার্স

করোনার লকডাউনের বিধি ভেঙে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যলয়ে একাধিক পানাহারের আয়োজনের ঘটনার তদন্ত কর্মকর্তা সু গ্রে বলেছেন, ‘নেতৃত্বের গুরুতর ব্যর্থতার’ কারণে এমন পানাহারের আয়োজন করা সম্ভব হয়েছে।

পানাহারের এসব আয়োজনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার মুখে ছিলেন বরিস। তাঁর পদত্যাগ চাইছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। সু গ্রের এমন বক্তব্যের পর সেই দাবি আরও জোরালো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে এমন ১৬টি পানাহারের আয়োজন নিয়ে তদন্ত করছিলেন সু গ্রে। এসব আয়োজন সম্পর্কে তিনি বলেন, এমন পার্টির আয়োজন করা উচিত হয়নি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সু গ্রে এমন পানাহার আয়োজনের নিন্দা করেছেন। তিনি বলেন, সরকার যেসব কর্মকাণ্ড করেছে, তা ‘বৈধতা দেওয়া কঠিন’।

বরিসের ২০২০ সালের জন্মদিনে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। ক্যাবিনেট রুমে ওই বছরের ১৯ জুন এ পার্টির আয়োজন করা হয়। এ ছাড়া ২০২০ সালের ২০ মে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাগানে আয়োজিত যুক্তরাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিয়ে মদ্যপানের আসরে বরিস জনসন ও তাঁর স্ত্রী ক্যারি সিমন্ডস উপস্থিত ছিলেন।

অতিথি ছিলেন শতাধিক। ওই সময় যুক্তরাজ্যে কোনো আয়োজনে একসঙ্গে এত মানুষের উপস্থিতি আইনত নিষিদ্ধ ছিল। এখানেই শেষ নয়। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায়, অর্থাৎ ১৬ এপ্রিল এমন দুটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব নিয়ে তদন্ত করছিলেন সরকারের আমলা সু গ্রে।

তবে এ নিয়ে এখনো ‘অর্থবহ কোনো প্রতিবেদন’ সু গ্রে আপাতত দিচ্ছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, মেট্রোপলিটন পুলিশ এসব আয়োজন নিয়ে আলাদা করে তদন্ত করছে। তবে নতুন আরেকটি তথ্য সামনে এনেছেন তিনি। তিনি বলেন, বরিস জনসনের কার্যালয়ের বাইরে তাঁর বাসায় একটি পানাহারের আয়োজন করা হয়েছিল।

এর মধ্য দিয়েও করোনা বিধিনিষেধ ভাঙা হয়েছে। এ নিয়েও তদন্ত করেছেন গোয়েন্দারা।

সু গ্রে এমন তথ্য জানানোর পর আবারও তোপের মুখে পড়েছেন বরিস। দেশটির আইনপ্রণেতারা আবারও তাঁর পদত্যাগের দাবি জানিয়েছেন।

তবে বরিস জনসন সব দোষ স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, এ তদন্তে যা উঠে এসেছে, তা সবই তিনি মেনে নিচ্ছেন।

বরিস বলেন, ‘আমি এ জন্য দুঃখিত যে আমি কাজটি ঠিক করিনি। এ ছাড়া আমি যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছি, সে জন্যও ক্ষমা চাইছি।’

তবে দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টারমারও বরিসের পদত্যাগ দাবি করেছেন। এ ছাড়া তাঁর অপরাধ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।