সুইডেনের স্কুলে হামলা চালিয়ে শিক্ষকসহ দুইজনকে হত্যা করার পেছনে বর্ণবাদী মানসিকতা কাজ করেছে বলে দেশটির পুলিশ ধারণা করছে। মুখোশধারী এক যুবক বৃহস্পতিবার তলোয়ার নিয়ে ট্রলহাটান শহরের স্কুলটিতে ওই হামলা চালান। খবর বিবিসি ও এএফপির।
এএফপির খবরে বলা হয়েছে, স্কুলটিতে পড়াশোনা করা বেশির ভাগ শিক্ষার্থী অভিবাসী পরিবারের। পুলিশপ্রধান নিকোলাস হলগ্রিন সুইডেনের সরকারি রেডিওকে বলেন, ‘আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে ওই যুবক বর্ণবাদী মানসিকতা থেকেই হামলাটি চালিয়েছে।’ তিনি জানান, হামলা করার সময় ওই ব্যক্তির আচরণ ও তাঁর ফ্ল্যাট থেকে পাওয়া সূত্র থেকে পুলিশ এই ধারণা করছে।
হামলার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে গুলি করে। পরে তিনি হাসপাতালে মারা যান।
সুইডেনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ও ইউটিউবে হামলাকারীর অ্যাকাউন্টগুলো দেখে বোঝা যায়, জার্মানির নিন্দিত নাৎসি দল ও হিটলারের প্রতি তাঁর আগ্রহ ছিল। পাশাপাশি ইসলাম ও অভিবাসীদের প্রতি ছিল বিদ্বেষ।