বর্ণবাদের প্রতিবাদ করে বর্ণবাদেরই শিকার

মমো—এই নামটিই এই মুহূর্তে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এই নামের পেছনের মানুষটি জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে বর্ণবাদবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে নিজেই এখন বর্ণবাদের শিকারে পরিণত হয়েছে। অনলাইনে বর্ণবাদীদের কাছ থেকে পাচ্ছেন হত্যার হুমকি।
বর্ণবাদবিরোধী বিক্ষোভে মমো একটি প্ল্যাকার্ড বহন করেছিলেন, যেখানে লেখা ছিল ‘বর্ণবাদ যুক্তরাজ্যের উদ্ভাবন’। কিন্তু এই প্ল্যাকার্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয় যুক্তরাজ্যের পতাকা ‘ইউনিয়ন জ্যাক’ পোড়ানোর অভিযোগ, যা তিনি করেননি। আর এর পর থেকেই শুরু হয় নানা ধরনের হেনস্তা।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় পাওয়া গেলেও তা গোপন রাখা হচ্ছে। প্রথমে বিষয়টি সামনে আসে এক ইনস্টাগ্রাম বার্তার মাধ্যমে। এক সাংবাদিকের কাছে আসা ওই বার্তায় প্রশ্ন রাখা হয় যে, এই লোকটিই কি স্মৃতিস্তম্ভের বেদিতে দাঁড়িয়ে ইউনিয়ন জ্যাকে আগুন দিয়েছিলেন কিনা। বিষয়টি সম্পর্কে কোনো ধারণা না থাকায়, তিনি ওই বার্তা মুছে দেন। কিন্তু এর পরপরই তাঁর এক বন্ধু একটি ফেসবুক পোস্ট তাঁর নজরে আনেন। মমোর ছবি সংবলিত ওই পোস্টের নিচে অগণিত কমেন্টের অধিকাংশই ছিল নানা ধরনের হুমকি ও হেনস্তামূলক। এসব কমেন্টের মধ্যে ‘তাঁকে ফাঁসিতে ঝোলানো উচিত’ বা ‘নিজের দেশে ফিরে যাও’ ধরনের মন্তব্য ছিল সবচেয়ে ভদ্র। বাকিগুলো উদ্ধৃতিযোগ্য নয়।
ঘটনাটি ৩ জুনের। জর্জ ফ্লয়েডের হত্যা বিশেষভাবে ভাবিয়ে তুলেছিল লন্ডনবাসী শিক্ষক মমোকে, যিনি পরিকল্পনা করছিলেন একটি ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠার। বিবিসির সঙ্গে আলাপে তিনি জানান, ওই দিন তিনি প্রতিবাদে অংশ নিতে যান কিছু বন্ধুসহ। তিনি বর্ণবাদের সমস্যাটিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সীমানার বাইরে আরও বিস্তৃত পরিসরে দেখতে চেয়েছেন। লন্ডনের শান্তিপূর্ণ সেই বর্ণবাদবিরোধী বিক্ষোভে তিনি লাল, সাদা ও নীল রঙের একটি জ্যাকেট পরে যান। হাতে ছিল একটি প্ল্যাকার্ড যেখানে লেখা ছিল—‘বর্ণবাদ যুক্তরাজ্যের উদ্ভাবন’ কথাটি। সেখানে তাঁরা মিছিল করেন ও স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ সম্পর্কিত ছবি কয়েক দিন পর দেবেন বলে স্থির করেন। ওই ছবিগুলো শেষে গত ৮ জুন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেন।
কিন্তু এই সময়ের মধ্যেই তাঁর অজান্তেই ঘটনা ঘটছিল। গত ৭ জুন লন্ডনের কেন্দ্রস্থলে আরেকটি বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিও ছিল শান্তিপূর্ণ। কিন্তু হঠাৎ করেই সেখানে একটি সহিংস গ্রুপ ঢুকে পড়ে। চারদিকে সহিংসতা ছড়িয়ে পড়ে। ১২ জনকে ওই স্থান থেকে গ্রেপ্তারও করে পুলিশ। এই হুলুস্থূলের মধ্যেই ঘটে স্মৃতিস্তম্ভের বেদিতে দাঁড়িয়ে ইউনিয়ন জ্যাকে আগুন দেওয়ার ঘটনাটি। যিনি এই কাণ্ডটি করেন, তাঁর পরনেও ছিল মমোর মতো লাল-নীল ও সাদার মিশেলের এক জ্যাকেট। মিল বলতে এটুকুই ছিল। না চেহারা, না গড়নে, কোনো কিছুতেই আর কোনো মিল নেই। এমনকি ভালো করে তাকালে জ্যাকেটের অমিলটিও ধরা পড়ে। কিন্তু বিদ্বেষ যাদের মনে, তারা এসব মানবে কেন?
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, অনলাইনের জগতে সবার অন্তরালে থেকে বিদ্বেষ ছড়ানোর কাজ যারা করে, তাদের কাছে এই দু ব্যক্তির মধ্যে মিল খুঁজে পেতে কোনো বেগ পেতে হয়নি। কারণ, তাঁরা দুজনই ছিলেন কৃষ্ণাঙ্গ।
দুজন যে এক ব্যক্তি নন, তা আরও নিশ্চিত হওয়া যায়, যখন লন্ডন পুলিশ ওই স্মৃতিস্তম্ভের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মমো বলেন, ‘পতাকায় আগুন দেওয়া লোকটিকে তিরস্কার করা বা দোষারোপ করার জন্য এ কাজ করা হয়নি। এটি করা হয়েছে কৃষ্ণাঙ্গদেরই আবার লক্ষ্যবস্তুতে পরিণত করতে।’
মমো জানান, শুরুতে ভয় পাননি তিনি। কিন্তু যখন তাঁর ভাই তাঁর নজরে ভাইরাল হয়ে পড়া একটি টুইট আনেন, তখন ভাবনায় পড়ে যান। টুইটারে ন্যাথানসব্রিটেন নামের একটি অ্যাকাউন্ট থেকে তাঁর ছবি শেয়ার করা হয়েছে। এই অ্যাকাউন্ট মূলত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে ও এতে অংশগ্রহণকারীদের বিরোধিতা ও ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে একটানা কাজ করে যাচ্ছে। গালাগালপূর্ণ ওই পোস্ট ভাইরাল হয়। এর সঙ্গে মমোর ওপর বর্ণবাদী আক্রমণও বাড়তে থাকে।
এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, ‘বর্ণ, জাতিসহ অন্য কোনো পরিচয়ে কেউ কাউকে অপদস্থ করে বা হুমকি দিয়ে কোনো পোস্ট টুইটারে ব্যবহারকারীরা দিতে পারবে না।’ তবে একই বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ন্যাথানসব্রিটেনের পোস্টটি টুইটারের কোনো বিধি ভাঙেনি।
এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র বলেন, ‘আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ অন্যকে হেনস্তা, অপদস্থ করবে—এমন বিষয় আমরা বরদাশত করি না। এ ক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তি বা গোষ্ঠীকে আমরা বিষয়টি সম্পর্কে রিপোর্ট করার অনুরোধ করি, যাতে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি।
তবে শুরুতে হতবুদ্ধি হলেও পরে আর এমন আচরণে বিস্মিত হননি মমো। তিনি বলেন, ‘অনেক বন্ধুই আমাকে ম্যাসেজ দিয়ে বলেছেন—‘কী অবিশ্বাস্য! সত্যি বলছি আমার কাছে অবিশ্বাস্য ঠেকেনি। কারণ, একজন কৃষ্ণাঙ্গ হিসেবে এমন কথা শোনা ও এমন আচরণ পাওয়াটা আমার জন্য সাধারণ একটি বিষয়। কৃষ্ণাঙ্গদের বিমানবিকীকরণের একটি নমুনা হলো বর্তমান এই পরিস্থিতি। এটি সত্য উদ্ঘাটন ও ব্যাক লাইভস ম্যাটার আন্দোলনের জরুরতই তুলে ধরে।’