বর্ষপূর্তির দিনে বিশাল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার এক বছর পূর্ণ হয়েছে গতকাল শনিবার। দিবসটি উপলক্ষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। স্মরণ করে, শ্রদ্ধা জানায় অভ্যুত্থানচেষ্টায় নিহত ব্যক্তিদের।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে গত বছরের ১৫ জুলাই রাস্তায় নামে সেনাবাহিনীর একটি অংশ। রাস্তায় নামে ট্যাংক, আকাশে চক্কর দিতে থাকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার। তারা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দখল নিয়ে নেয়। পার্লামেন্ট ভবন এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি তারা এরদোয়ানকেও আটকের চেষ্টা করে। কিন্তু এরদোয়ানের আহ্বানে জনগণ রাস্তায় নেমে অভ্যুত্থানচেষ্টা রুখে দেয়। ওই ঘটনায় আড়াই শর বেশি লোক নিহত হয়। এরপর গত এক বছরে কয়েক দফায় এরদোয়ানের সরকার দেড় লাখের বেশি মানুষকে চাকরিচ্যুত করেছে। গত শুক্রবারও ৭ হাজার ৩৯৫ জন সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করা হয়। তা ছাড়া এই এক বছরে গ্রেপ্তার হয়েছে প্রায় ৫০ হাজার লোক।

বর্ষপূর্তির দিনে গতকাল পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট এরদোয়ান এবং বিরোধী দলগুলোর উপস্থিতিতে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দিবসটিকে ‘দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধের’ দিন আখ্যায়িত করে বলেন, ‘আমাদের জনগণ শত্রুর হাতে সার্বভৌমত্ব ছেড়ে দেয়নি এবং মৃত্যুর আগ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে ছিল।’