বর্ষবরণের রাতে অপরাধের মধ্যে যৌন হয়রানি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কোলন শহরে ইংরেজি নববর্ষ উদ্যাপনের সময় অন্তত ৫১৬টি অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪০ শতাংশই ছিল যৌন হয়রানির ঘটনা। আগের বিবৃতি সংশোধন করে স্থানীয় পুলিশ গত রোববার এ পরিসংখ্যান দিয়েছে। খবর বিবিসির।
কোলন শহরের পুলিশ গত শনিবার বলেছিল, শহরটিতে ওই দিন যৌন হয়রানি ও চুরি-ছিনতাইয়ের ৩৭৯টি ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বেশির ভাগই উত্তর আফ্রিকার আশ্রয়প্রার্থী ও অবৈধ অভিবাসী।
এমন একসময়ে পুলিশ নববর্ষ উদ্যাপনের সময় সংঘটিত ওই যৌন হয়রানি ও চুরি-ছিনতাইয়ের বর্ধিত সংখ্যা প্রকাশ করল, যখন দেশটির কর্তৃপক্ষ একই দিন অন্য শহরগুলোতেও সংঘটিত একই ধরনের ঘটনাগুলোর সঙ্গে কোলন শহরের ঘটনার কোনো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।
জার্মানির বিচারমন্ত্রী হেইকো মাজ রোববার দেশটির প্রভাবশালী পত্রিকা বিল্ডকে বলেন, এসব ঘটনা পূর্বপরিকল্পিত বলে তিনি মনে করছেন।
কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ঘটনার দিন কোলন শহরের প্রধান রেলস্টেশনে এক হাজার ব্যক্তি সমবেত হয়। পরে তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিকে গিয়ে নারীদের লাঞ্ছিত করে এবং তাদের কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়।
একই দিন হামবুর্গ এবং স্তুতগার্দ শহরেও একই ধরনের ঘটনা ঘটে। বিলেফেল্ড শহরে কয়েক শ লোক জোরপূর্বক বিভিন্ন নাইট ক্লাবে ঢুকে পড়ার চেষ্টা করে বলে খবর দিয়েছে জার্মান পত্রিকা ডি ভেট।