
প্যারিসে আত্মঘাতী হামলাকারীদের একজন বলকান অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ইউরোপে পৌঁছেছিলেন। সম্ভবত তাঁর সঙ্গে একজন সহযোগীও ছিলেন। তাঁরা সিরিয়া থেকে শরণার্থী দলে মিশে গ্রিসে প্রবেশ করেন। গোয়েন্দা ও পুলিশ সূত্রগুলো এ তথ্য দিয়েছে।
দ্রুত ও সহজে ওই হামলাকারী প্যারিসে পৌঁছান বলে ধারণা করা হচ্ছে। কারণ, তখন হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দেওয়ার পর আর কোথাও যাতে আটকা না পড়তে হয়, সে জন্য ইউরোপে আশ্রয়প্রার্থীরা তাড়াহুড়ো করে কয়েকটি দেশের সীমান্ত অতিক্রম করেন। অথচ সন্দেহভাজন জঙ্গিদের প্রবেশ ঠেকানোর লক্ষ্যেই হাঙ্গেরির কর্তৃপক্ষ সীমান্ত বন্ধ করেছিল।
প্যারিসের স্তাদ দো ফ্রঁস স্টেডিয়ামের কাছে গত শুক্রবার রাতে আত্মঘাতী হামলাকারীর লাশের পাশে একটি সিরীয় পাসপোর্ট পাওয়া যায়। পাসপোর্টধারীর নাম আহমাদ আল-মোহাম্মদ, বয়স ২৫ বছর। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহর থেকে তিনি ইউরোপে গিয়েছিলেন। তাঁর পাসপোর্ট ও নাম-পরিচয় সত্যি কি না, তা এখনো যাচাই করে দেখছেন তদন্ত কর্মকর্তারা। পাসপোর্টটি প্রথমে জাল বলে সন্দেহ করা হলেও এখন বলা হচ্ছে, এটা আসলও হতে পারে।
ওই পাসপোর্টধারী ব্যক্তি ১৯৮ জন শরণার্থীর সঙ্গে গত ৩ অক্টোবর নৌযানে চড়ে তুরস্ক থেকে গ্রিসের লেরোস দ্বীপে পৌঁছে নিজের নাম নিবন্ধন করান। ফরাসি কর্তৃপক্ষ বলেছে, আত্মঘাতী হামলাকারীর

আঙুলের ছাপ লেরোস দ্বীপে অবতরণকারী ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিলেছে।
গ্রিসের কর্মকর্তারা গত রোববার বলেন, মোহাম্মদ নামের ওই ব্যক্তির বিশেষ উল্লেখযোগ্য কোনো সঙ্গী ছিল বলে মনে হয়নি। অবশ্য সেই শরণার্থী দলে অনেকেই ছিল। তবে মেসিডোনিয়ার একটি গোয়েন্দা সূত্র বলেছে, দুজন সন্ত্রাসীর যাত্রাপথ সম্পর্কে বলকান অঞ্চলের দেশগুলোতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ব্যাপারে মেসিডোনিয়ার কর্মকর্তারা গ্রিসকে সহযোগিতা করছেন। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আল-মোহাম্মদের সঙ্গে আরেকজন ছিলেন। তাঁরা গ্রিসের মূল ভূখণ্ডে পৌঁছানোর জন্য একসঙ্গে ফেরির টিকিট করেন। গ্রিক সংবাদমাধ্যমে ওই দ্বিতীয় ব্যক্তির ফেরি টিকিটের ছবি প্রকাশ করা হয়েছে। এতে তাঁর নামের শেষের অংশে আল-মাহমুদ এবং প্রথম অংশে ‘এম’ লেখা রয়েছে।
ক্রোয়েশিয়ার একজন পুলিশ কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে রয়টার্সকে বলেন, আল-মোহাম্মদ কোন পথে গিয়েছিলেন, তা তদন্ত করা হচ্ছে। তিনি একা ছিলেন নাকি সঙ্গে কেউ ছিল, তাও জানার চেষ্টা চলছে।
গ্রিসের লেরোস দ্বীপে পৌঁছানোর পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ম অনুযায়ী নিবন্ধন করান আল-মোহাম্মদ। পাসপোর্ট নির্ভরযোগ্য মনে হওয়ায় এবং তাঁর বিরুদ্ধে কোনো পুলিশ রেকর্ড না থাকায় তাঁকে ছয় মাসের জন্য গ্রিসে থাকার অনুমতি দেওয়া হয়। তবে পুলিশকে না জানিয়ে তিনি করিন্থ শহরের বাইরে যেতে পারবেন না—এমন শর্তও দেওয়া হয়েছিল। ভিয়েনার একজন কর্মকর্তা বলেছেন, ফ্রান্সে পৌঁছানোর জন্য আল-মোহাম্মদ অস্ট্রিয়ার ভূখণ্ড ব্যবহার করেননি। তবে প্যারিসে হামলাকারী আরেক জঙ্গি সালাহ আবদেসালেম গত ৯ সেপ্টেম্বর জার্মানি থেকে অস্ট্রিয়ায় প্রবেশ করেছিলেন।
হাঙ্গেরির একজন মুখপাত্র গত মঙ্গলবার বলেন, আল-মোহাম্মদ হাঙ্গেরি অতিক্রম করেছিলেন—এমন কোনো তথ্য মেলেনি। তা ছাড়া দেশটি শরণার্থীদের তথ্য নিবন্ধন করে না, যেহেতু ক্রোয়েশিয়া সীমান্তে ওই শরণার্থীরা আগেই নিবন্ধন করে থাকেন।