উপনিবেশ যুগে ক্যাথলিক গির্জা তথা ধর্মের নামে বলিভিয়ায় সংঘটিত অপরাধের কারণে আদিবাসীপ্রধান দেশটির মানুষের কাছে ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ বলিভিয়ার সান্তা ক্রুজ শহরে সমাজকর্মীদের এক সমাবেশে গত বৃহস্পতিবার বক্তব্য দেন। খবর এএফপির।
আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী পোপ ফ্রান্সিস রাজনৈতিক ও ধর্মীয় বিষয়সহ বিভিন্ন প্রসঙ্গে অকপট বক্তব্য দেওয়ার কারণে আলোচিত হয়েছেন। তিনি সান্তা ক্রুজ শহরে আয়োজিত ওই সমাবেশে বলেন, দক্ষিণ আমেরিকার স্থানীয় জনগণের সঙ্গে ঈশ্বরের নামে বহু গুরুতর অপরাধ করা হয়েছে।
সান্তা ক্রুজের ক্রাইস্ট দ্য রিডিমার প্লাজায় সমাবেশে পোপ বর্তমান ভোগবাদী সমাজব্যবস্থা বর্জন করার জন্য খ্রিষ্টধর্মে বিশ্বাসীদের প্রতি আহ্বান জানান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসও।
৭৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস চলতি সফরে ইকুয়েডর ও বলিভিয়ার পর প্যারাগুয়েতে যাবেন। সেখানকার আদিবাসী জনগোষ্ঠীর রয়েছে দারিদ্র্য ও বৈষম্যের শিকার হওয়ার দীর্ঘ ইতিহাস।